বিশেষ প্রতিবেদন

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক আর নেই

আইপিনিউজ বিডি,৪ অক্টোবর ২০২৬, ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক রাষ্ট্রদূত এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক আর নেই। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।

অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি সংগঠনটির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বও পালন করেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ ছাড়া তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

কূটনৈতিক দায়িত্বেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবন ও কর্মজীবনে অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছেন।

Back to top button