জাতীয়

আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা নিশ্চিতে ১০ সদস্যের সংসদীয় ককাস গঠন

আইপিনিউজ বিডি, ২২ অক্টোবর ২০২৬, ঢাকাঃ বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণ এবং এ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংসদীয় সম্পৃক্ততা ও সমন্বয় জোরদার করার লক্ষ্যে ‘পার্লামেন্টারি ককাস অন এথনিক কমিউনিটিজ’ (Parliamentary Caucus on Ethnic Communities) গঠন করা হয়েছে।

গত ১৮ নভেম্বর ২০২৬ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইপিএ ও এস উইংয়ের আইপিআর শাখা-২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১০ জন সংসদ সদস্যকে নিয়ে এ ককাস গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ককাসের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসন-১৯-এর সংসদ সদস্য আন্না মিনজ। ককাসের সদস্য হিসেবে রয়েছেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা, নাটোর-৩ আসনের সংসদ সদস্য মো. আনোয়ার উল ইসলাম, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ, রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিন, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম এবং সংরক্ষিত নারী আসন-৩৪-এর সংসদ সদস্য মাধবী মারমা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করা, সরকারি উন্নয়ন কর্মসূচিগুলোর মধ্যে সমন্বয় সাধন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে অবদান রাখা এবং আদিবাসী জনগোষ্ঠী-সংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় সংসদে আলোচনার ক্ষেত্রে কার্যকারিতা বৃদ্ধিই এ ককাসের মূল উদ্দেশ্য।

এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ককাসের প্রধান পৃষ্ঠপোষক (Chief Patron) এবং ডেপুটি স্পিকার পৃষ্ঠপোষক (Patron) হিসেবে দায়িত্ব পালন করবেন। ককাসের কার্যক্রম পরিচালনায় সংসদ সচিবালয় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

Back to top button