বিশেষ প্রতিবেদন

জলবায়ু পরিবর্তনে হাজংদের জীবন-জীবিকার সংকট নিরূপণে কাপেং ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত

আইপিনিউজ বিডি, ১৬ নভেম্বর ২০২৬, আইপি ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ফলে সুনামগঞ্জে বসবাসরত হাজং জনগোষ্ঠীর জীবন-জীবিকা, পরিবেশ ও সামাজিক-অর্থনৈতিক অবস্থার ওপর সৃষ্ট প্রভাব এবং বিদ্যমান সংকট চিহ্নিত করতে দুই দিনব্যাপী আলোচনা অনুষ্ঠিত হয়েছে। কাপেং ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের যৌথ উদ্যোগে গত ১৪ ও ১৫ নভেম্বর সুনামগঞ্জের ঘিলাগরা গ্রামে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

ইন্ডিজেনাস নেভিগেটর প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনবিষয়ক মডিউলের প্রায় ৮০টি প্রশ্নমালার ভিত্তিতে এ আলোচনা পরিচালিত হয়। এতে হাজং জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে নারী-পুরুষ, শিক্ষার্থী, যুবসমাজ, প্রবীণ, প্রথাগত নেতৃত্ব ও প্রতিবন্ধী ব্যক্তিসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় জলবায়ু পরিবর্তনের ফলে হাজং জনগোষ্ঠীর জীবন-জীবিকা, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর সৃষ্ট প্রভাব ও চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি, ক্ষয়ক্ষতি, স্থানীয় অভিজ্ঞতা এবং এ পরিস্থিতি মোকাবিলায় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা নিয়েও মতবিনিময় হয়।
বাংলাদেশে বসবাসরত আদিবাসী জাতিগোষ্ঠীগুলোর মধ্যে হাজং অন্যতম। সরকার স্বীকৃত ৫০টি জাতিগোষ্ঠীর তালিকায়ও হাজংদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। মূলত বৃহত্তর ময়মনসিংহের উত্তরাঞ্চলে ভারতের মেঘালয় রাজ্যসংলগ্ন গারো পাহাড় ও এর পাদদেশে হাজংদের ঐতিহ্যবাহী বসতি গড়ে উঠেছে। বর্তমানে শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলায় এ জনগোষ্ঠীর বসবাস রয়েছে। শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী; ময়মনসিংহের ধোবাউড়া এবং সুনামগঞ্জের সদর, ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার উপজেলায় হাজংদের উল্লেখযোগ্য বসতি রয়েছে।

২০২২ সালের জাতীয় জনশুমারি অনুযায়ী, বাংলাদেশে হাজং জনগোষ্ঠীর জনসংখ্যা ৭ হাজার ৯৯৬ জন। ২০১১ সালের জনশুমারিতে এ সংখ্যা ছিল ৯ হাজার ১৬২ জন। তবে সংশ্লিষ্টদের মতে, বাস্তবে হাজং জনগোষ্ঠীর জনসংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে বেশি। দীর্ঘদিন ধরে ভূমি থেকে উচ্ছেদ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বঞ্চনা এবং বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে আসছে হাজং জনগোষ্ঠী। মাতৃভাষায় শিক্ষার সুযোগ ও চর্চার পর্যাপ্ত পরিবেশ না থাকায় তাদের নিজস্ব ভাষা অস্তিত্বের সংকটে পড়েছে। অন্যদিকে, আর্থসামাজিক পরিবর্তন ও ঐতিহ্যবাহী পেশার সংকোচনের ফলে তাদের জীবন-জীবিকা ও আয়-রোজগারেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবও হাজং জনগোষ্ঠীর বিদ্যমান সংকটকে আরও বাড়িয়ে তুলছে। বন ও প্রকৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও জলবায়ু পরিবর্তনের কারণে আদিবাসী জনগোষ্ঠীগুলো তুলনামূলকভাবে বেশি ঝুঁকির মুখে পড়ছে। সুনামগঞ্জে বসবাসরত হাজংরাও এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবের সম্মুখীন হচ্ছেন।

আলোচনায় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, কাপেং ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক ত্রিজিনাদ চাকমা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক ফোকাল পয়েন্ট অমর শান্তি চাকমা এবং আইপিনিউজ বিডির যুগ্ম-সম্পাদক বেবিলন চাকমা প্রমুখ। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় প্রবীণ ব্যক্তি রাজেন্দ্র বৈষ্ণব।

Back to top button