আগামী ২০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আদিবাসী ফোরামের ষষ্ঠ জাতীয় সম্মেলন
আইপিনিউজ বিডি, ১৩ নভেম্বর ২০২৬, ঢাকাঃ বাংলাদেশ আদিবাসী ফোরামের ষষ্ঠ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২০ নভেম্বর (শুক্রবার) ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রচারপত্রে বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষ থেকে সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়েছে।
প্রচারপত্রে উত্থাপিত দাবিতে বলা হয়েছে, সমতলের আদিবাসীদের ভূমি অধিকার ও স্বার্থ সুরক্ষায় পৃথক মন্ত্রণালয় এবং ভূমি কমিশন গঠন করতে হবে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে।
বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ জাতীয় সম্মেলন দেশের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ভূমি, সাংবিধানিক স্বীকৃতি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসী প্রতিনিধি, অধিকারকর্মী ও সংগঠক অংশগ্রহণ করবে।


