জুরাছড়িতে পিসিপির উদ্যোগে এম এন লারমা ৪৩তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা অনুষ্ঠিত

আইপিনিউজ বিডি, ১০ নভেম্বর ২০২৬, রাঙ্গামাটি প্রতিনিধিঃ আজ মঙ্গলবার (১০ নভেম্বর) জুরাছড়িতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, জুরাছড়ি থানা শাখার উদ্যোগে ১০ই নভেম্বর’৮৩ স্মরণে ‘মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত স্মরণসভায় উপস্থিত ছিলেন, ১নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমন চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি জেলা কমিটির সদস্য অনিকা চাকমা, ১৩৫নং জারুলছড়ি মৌজা হেডম্যান সাধনানন্দ চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সজল চাকমা প্রমুখ।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, জুরাছড়ি থানা শাখার সভাপতি স্বরেশ চাকমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কিশোর চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ জুরাছড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক নিউটন চাকমা।
স্মরণসভার শুরুতে পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ের লড়াইয়ে এযাবৎকালে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ইমন চাকমা বলেন, জুম্ম জাতির উজ্জ্বল নক্ষত্রের প্রতীক এম এন লারমা। যার চেতনা দর্শন শুধু জুম্ম সমাজে নয় পৃথিবীর সকল মেহনতি মানুষের নিপীড়ন শোষিত মানুষের মাঝে ছড়িয়ে থাকবে। তিনি আমাদের বেঁচে থাকার জন্য লড়াই সংগ্রাম করে গেছে। তিনি যে পথ দেখিয়েছে সে পথের পথিক হয়ে তার নীতি আদর্শকে বুকে ধারণ করে পার্টির যেকোনো কর্মসূচিতে জুম্ম জনগণকে প্রস্তুত থাকতে হবে।
অনিকা চাকমা বলেন, জুম্ম সমাজের মাঝে কিছু সুবিধাবাদী ক্ষমতালোভী কুচক্রী মহলরা এম এন লারমাকে মেরে ফেললেও জুম্ম সমাজের মাঝে ছড়িয়ে থাকা তার আদর্শকে তারা মেরে ফেলতে পারে নি। এম এন লারমা যেভাবে ভিন্ন ভাষাভাষী জাতীসমূহের মাঝে ঐক্য সংহতি গড়ার প্রয়াস করেছে সেভাবে সমাজে নারীদের অধিকারের কথাও তিনি সোচ্চার থেকেছে। সমাজের নারীদের গুরুত্ব এবং নারী নিপীড়নের বিরুদ্ধে পুরুষের পাশাপাশি নারীদেরও আন্দোলন সংগ্রাম করার চেতনা জুগিয়েছে।
সাধনানন্দ চাকমা বলেন, আমরা একসময় স্বাধীনভাবে নিজেদের পরিচালনা করতাম বসবাস করতাম। শাসকগোষ্ঠী সেই অধিকারগুলি ক্রমে ক্রমে খর্ব করেছে। এম এন লারমা সেখান থেকে উত্তরণের পথ দেখিয়ে দিয়েছে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করার সাহস দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন হলে আজকে ১৯০০সালের শাসনবিধির অধিকারগুলো ফিরিয়ে পাওয়া হতো আমাদের প্রথাগত সমাজ ব্যবস্থা আরও শক্তিশালী হতে পারতো। কিন্তু, সরকার সে চুক্তিও বাস্তবায়ন করছে না। তাই চুক্তি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে।
সজল চাকমা বলেন, এম এন লারমার জীবন দর্শন ও সংগ্রাম প্রতিটি জুম্ম মাঝে বিকশিত করতে হবে। সে সময়ে স্কুল, কলেজ পড়ুয়াকালীন এম এন লারমা অন্যায়, অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। শাসকগোষ্ঠীর যেকোনো নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং প্রতিবাদ করতে গিয়ে কারাবরণ করতে হয়েছে। এই সমাজ ব্যবস্থা ছিলো ঘুণেধরা সামন্তীয় সেই সমাজ ব্যবস্থার মাঝে রাজনৈতিক চেতনার বীজ বপন করেছে এম এন লারমা। যেখানে জুম্ম সমাজ নিপীড়ন নির্যাতনের শিকলের বন্দী ছিলো সেখানে আন্দোলন সংগ্রামের চেতনা জুগিয়েছে। পৃথিবীর বুকে জুম্ম সমাজ যতদিন থাকবে ততদিন তার চেতনা তার দর্শন জুম্ম সমাজে ছড়িয়ে থাকবে।
তিনি আরও বলেন, ১৯৪৭সালে দেশ বিভক্ত হওয়ার প্রাক্কালে পার্বত্য চট্টগ্রামে জুম্ম অধ্যুষিত অঞ্চল থাকার পরেও জুম্ম জনগণকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করা হয়েছিলো। সে পর থেকে জুম্ম জনগণের অধ্যুষিত অঞ্চলকে ইসলামীকরণ, মুসলিমকরণ করার পরিকল্পনা প্রণয়ন করা হয়। পাকিস্তান সরকারের হীন পরিকল্পনার প্রতিরুপ হিসাবে ১৯৬০সালে কাপ্তাই বাঁধ নির্মাণের মধ্যে দিয়ে সূচনা করা হয়েছিলো। সে কাপ্তাই বাঁধ মরণফাঁদের ফলে নিজ ভিটামাটি পানির তলে তলিয়ে যাওয়ায় দেশান্তর হতে হয়েছে উদ্বাস্তু হতে হয়েছে। জুম্ম জনগণকে জনজীর্ণ জীবনে বেঁচে থাকতে হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘ ২৪টি বছর সশস্ত্র সংগ্রামের পর বাংলাদেশ সরকারের সাথে জুম্ম জনগণ পার্বত্য চুক্তিতে উপনীত হয়েছিলো। আজ এত বছর পেরিয়ে গেলেও সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো আন্তরিকতা সহিত এগিয়ে আসছে না বরং পার্বত্য চুক্তিকে লঙ্ঘন করে বর্তমানে একের পর এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পূর্বেকার সরকারের ন্যায় বর্তমান সরকারও চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে। বর্তমান সরকার যেমন চুক্তিকে লঙ্ঘন করে একজন বাঙালি প্রতিমন্ত্রী বসিয়েছে তেমনি পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত বিষয়ে যে তিনটি কমিটি গঠন করেছে সেটি জুম্ম জনগণের স্বার্থে গঠিত কমিটি নয় বলে প্রতীয়মান হয়েছে। তাই সরকার যেহেতু চুক্তি বাস্তবায়নে এগিয়ে আসছে না সেহেতু জুম্ম জনগণকে পার্টির বৃহত্তর আন্দোলনের ডাকে সামিল হয়ে আন্দোলন সংগ্রাম জোরদার করার আহ্বান করছে।
পরিশেষে, সভাপতির বক্তব্য মধ্যে দিয়ে মহান নেতা এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকীর আয়োজিত স্মরণ সভা সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা (এম এন লারমা) ছিলেন পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের অধিকার, আত্মপরিচয় সংগ্রামের এক অবিসংবাদিত নেতা। তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন শোষণ-বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের এক সাহসী কণ্ঠস্বর। জুম্ম জাতির জাতীয় কুলাঙ্কার, উচ্চাভিলাষী ও ক্ষমতালোভী গিরি-প্রকাশ-দেবেন-পলাশ চক্রের এক বিশ্বাসঘাতকতামূলক অতর্কিত হামলায় ১০ নভেম্বর ১৯৮৩ সালে তিনি শাহদাৎ বরণ করেন।


