জাতীয়বিশেষ প্রতিবেদন

পিসিপি ঢাকা মহানগরের বার্ষিক শাখা সম্মেলন ও ৩৩তম কাউন্সিল সম্পন্ন

আইপিনিউজ বিডি, ২৮ নভেম্বর ২০২৬, ঢাকা প্রতিনিধিঃ পার্বত্য চুক্তিবিরোধী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত এবং চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্রসমাজকে অধিকতর সম্পৃক্ত হওয়ার আহ্বানের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), ঢাকা মহানগর শাখার বার্ষিক শাখা সম্মেলন ও ৩৩তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনির চৌধুরী হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের স্লোগান ছিল— ‘পার্বত্য চুক্তিবিরোধী সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করুন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্রসমাজ অধিকতর সামিল হোন।’

পিসিপি ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক হ্লামংচিং মারমার সঞ্চালনায় এবং শাখার সভাপতি কনেজ চাকমার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সাধারণ সম্পাদক শ্রী উইন মং মারমা জলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছাত্রনেতা অন্তর চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়া চাকমা এবং বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এযাবৎকালে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সম্মেলনে পিসিপি ঢাকা মহানগর শাখার বার্ষিক সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন শাখার সাংগঠনিক সম্পাদক পায়া ম্রো। স্বাগত বক্তব্য দেন পিসিপি মিরপুর থানা শাখার সাধারণ সম্পাদক ভরত চাকমা, ঢাকা পলিটেকনিক শাখার সহ-সভাপতি কেরি চাকমা এবং ঢাকা মহানগর শাখার দপ্তর সম্পাদক নেবাং ইঅং খুমী।

প্রধান অতিথির বক্তব্যে শ্রী উইন মং মারমা জলি বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠার পর ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর জনসংহতি সমিতি গণতান্ত্রিক আন্দোলনের পথ ছেড়ে সশস্ত্র সংগ্রামে যেতে বাধ্য হয়। এর ফলে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্র শূন্য হয়ে পড়ে। এ প্রেক্ষাপটে ১৯৮৯ সালে পাহাড়ী ছাত্র পরিষদের জন্ম হয়। সংগঠনটি হঠাৎ করে গড়ে ওঠেনি; বরং এর পেছনে রয়েছে দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট।

তিনি বলেন, তৎকালীন সময়ে পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের সশস্ত্র প্রতিরোধের পর রাষ্ট্রীয় বাহিনী নিরীহ জুম্ম জনগণের ওপর প্রতিশোধমূলক গণহত্যা ও দমন-পীড়ন চালায়। পাশাপাশি সেটেলার বাঙালিদের জুম্ম জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয় এবং পার্বত্য চট্টগ্রামকে অবরুদ্ধ করে রাখা হয়। এ পরিস্থিতিতে পাহাড়ের নিপীড়ন-নির্যাতনের চিত্র বাংলাদেশের সাধারণ নাগরিকসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই বাস্তবতায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় পাহাড়ী ছাত্র পরিষদের জন্ম হয়।

তিনি আরও বলেন, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি জুম্ম জনগণের শত আত্মত্যাগের বিনিময়ে অর্জিত অধিকারের দলিল। এ চুক্তিকে অস্বীকার করা মানে জুম্ম জনগণের আত্মত্যাগকে অস্বীকার করা। কিন্তু কতিপয় ক্ষমতালোভী ও সংকীর্ণ মানসিকতার ব্যক্তির মাধ্যমে চুক্তিবিরোধী শক্তির উত্থান ঘটেছে। এ ইতিহাস নতুন প্রজন্মকে অনুধাবন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়া চাকমা বলেন, পিসিপি জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং পার্বত্য চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে ছাত্রসমাজের প্রতিনিধিত্বকারী একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন। জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে পিসিপি ও হিল উইমেন্স ফেডারেশন।

তিনি বলেন, বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ধারাবাহিকতা বজায় রেখে পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং শোষণ-বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত রাখতে হবে।

পিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অন্তর চাকমা বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর ২৮ বছর পেরিয়ে গেলেও সরকার নানা গড়িমসির মাধ্যমে চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করেছে। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার ও সামরিক সরকারের মতো বর্তমান বিএনপি সরকারও একই পথে হাঁটছে। সম্প্রতি পার্বত্য চুক্তির বাস্তবায়ন নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্যে তা স্পষ্ট হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জুম্ম জনগণের অস্তিত্ব ও অধিকারকে সংকুচিত করার রাষ্ট্রীয় নীতির বিপরীতে জুম্ম জনগণ দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে জুম্ম ছাত্রসমাজের প্রগতিশীল ও অগ্রগামী অংশ পিসিপি এবং জনসংহতি সমিতির আদর্শের পতাকাতলে সমবেত হয়ে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখছে।

জুম্ম ছাত্রসমাজের উদ্দেশে তিনি বলেন, আত্মকেন্দ্রিকতা, দোদুল্যমানতা ও উচ্চাভিলাষী চিন্তাভাবনা পরিহার করে বৃহত্তর জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত হতে হবে। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত না হলে জুম্ম জনগণের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত হবে না। পার্বত্য চুক্তি নস্যাৎ করার বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে জুম্ম জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় তিনি ছাত্রসমাজকে ঐতিহাসিক দায়িত্ব কাঁধে তুলে নিয়ে লৌহকঠিন ঐক্য গড়ে তোলার এবং বৃহত্তর আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যা বলেন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের নেতা-কর্মীরা নানা প্রতিকূলতা ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দৃঢ় ভূমিকা পালন করে যাচ্ছেন। এ ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতের যেকোনো কঠিন সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসী জনগণ রাষ্ট্রীয় নিপীড়ন ও বৈষম্যের শিকার। আদিবাসীরা সব অন্যায় ও নিপীড়ন নীরবে মেনে নেবে—রাষ্ট্রের এমন ধারণা ভুল। অতীতেও আদিবাসীরা চাপিয়ে দেওয়া শাসন ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, ভবিষ্যতেও তাদের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত থাকবে।

আলোচনা পর্ব শেষে বিভিন্ন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে পাতলাই ম্রোকে সভাপতি, নেবাই ইঅং খুমীকে সাধারণ সম্পাদক এবং সৌরভ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি গঠন করা হয়।

এছাড়া কেরি চাকমাকে সভাপতি, জ্ঞান শংকর চাকমাকে সাধারণ সম্পাদক এবং সুজন তঞ্চঙ্গ্যাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট ঢাকা পলিটেকনিক শাখা কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক শাখার নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান পিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যা।

অন্যদিকে, সুনক্ষত্র চাকমাকে সভাপতি, নিউটন চাকমাকে সাধারণ সম্পাদক এবং সুমপ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট মিরপুর থানা শাখা কমিটি গঠন করা হয়।

সর্বশেষ কনেজ চাকমাকে সভাপতি, পাতলাই ম্রোকে সাধারণ সম্পাদক এবং কেরি চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্যবিশিষ্ট পিসিপি ঢাকা মহানগর শাখার নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত মহানগর কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান পিসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেং ইয়ং ম্রো।

সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে পিসিপি ঢাকা মহানগর শাখার বার্ষিক সম্মেলন ও ৩৩তম কাউন্সিলের কার্যক্রম শেষ হয়।

Back to top button