রাঙামাটিতে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সপ্তম হিল ফিল্ম ফেস্টিভ্যাল

আইপিনিউজ বিডি, ২৬ নভেম্বর ২০২৬, রাঙ্গামাটি প্রতিবেদকঃ আজ ২৬ থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত রাঙামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৭ম হিল ফিল্ম ফেস্টিভ্যাল’। উৎসবের রাঙামাটি পর্বটি অনুষ্ঠিত হবে শহরের কে কে রায় সড়কের আশিকা কনভেনশন পার্কে। তিন দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি থাকছে বিষয়ভিত্তিক আলোচনা সভা এবং প্রশ্নোত্তর পর্ব।
আয়োজকদের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, উৎসবের প্রথম দিন ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টা ৪০ মিনিটে গেট খোলার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে এবং সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রথম দিনের আয়োজনে ‘হিল ক্লাসিকস: রোমান্স ইন দ্য হিল’, ‘সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড এনভায়রনমেন্ট’, ‘আনএন্ডিং চেইন অফ লেবার ইন দ্য টি প্ল্যান্টেশন’ এবং সমসাময়িক ইউটিউব ও ফেসবুকভিত্তিক আদিবাসী ভাষার চলচ্চিত্র প্রদর্শিত হবে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে আদিবাসী ভাষায় চলচ্চিত্র নির্মাণের যাত্রা নিয়ে আলোচনা এবং ‘হিল থ্রি কমেডিয়ান’ ও ‘জেআর মিডিয়া এক্সপ্রেসে’র নির্মাতাদের সঙ্গে আলাপচারিতাও থাকছে প্রথম দিনে। সন্ধ্যা ৬টায় প্রথম দিনের সমাপ্তি ঘটবে।
দ্বিতীয় দিন ২৭ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় গেট খোলার পর সকাল সাড়ে ১০টায় ‘সেলফ, এক্সিস্টেন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি’ সেশন দিয়ে দিন শুরু হবে। এরপর ‘হোয়াই লং টেক?’ শীর্ষক আলোচনা, চিলড্রেন সেকশন, ওয়ার্ল্ড থিয়েটার প্রজেক্ট ফিল্মস, সাঁওতাল ফিল্ম এবং মারমা ভাষার চলচ্চিত্র প্রদর্শিত হবে। দিনের শেষে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কাপ্তাই রোডের ভায়াল্যা উচ্চ বিদ্যালয়ে তঞ্চঙ্গ্যা চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীসহ ওপেন এয়ার স্ক্রিনিং অনুষ্ঠিত হবে।
উৎসবের শেষ দিন ২৮ নভেম্বর (শনিবার) সকাল ৯টা ৫০ মিনিটে গেট খুলবে এবং সকাল ১০টায় ‘উইমেন রিয়েলিটি’ প্রদর্শনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এদিন ম্যানুয়েল সোরেনের ‘ওতান সাকাম’ (২০২৪) প্রদর্শনের পাশাপাশি থাকছে ‘উইয়ার্ড, অ্যাবসার্ড, মিস্টিরিয়াস অ্যান্ড মরাল-সোশ্যাল ড্রামা’, ম্রো চলচ্চিত্র এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত খামারপাড়ায় ওপেন এয়ার স্ক্রিনিং। রাত ৮টায় শেষ দিনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে।


