জাতীয়বিশেষ প্রতিবেদন

প্রয়াত জ্যোতিপ্রভা লারমা (মিনু) স্মরণে ঢাবির জগন্নাথ হল ও মিরপুরে প্রদীপ প্রজ্বালন ও স্মরণসভা অনুষ্ঠিত

আইপিনিউজ বিডি, ১৮ নভেম্বর ২০২৬, ঢাকাঃ পার্বত্য চট্টগ্রামের নারী জাগরণ ও জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের আজীবন সংগ্রামী জ্যোতিপ্রভা লারমা (মিনু)র প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে প্রদীপ প্রজ্বালন ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শহীদ বেদীতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে প্রদীপ প্রজ্বালন ও স্মরণসভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় স্টাফ সদস্য অনন্ত বিকাশ ধামাই ও সতেজ চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি রেং ইয়াং ম্রো, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অন্তর চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভানেত্রী শান্তিদেবী তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

এদিকে, রাজধানীর মিরপুরেও জ্যোতিপ্রভা লারমার স্মরণে পৃথক স্মরণসভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা এবং কেন্দ্রীয় স্টাফ সদস্য মেরিন চাকমা।

স্মরণসভায় বক্তারা বলেন, প্রয়াত জ্যোতিপ্রভা লারমা আজীবন জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। একই সঙ্গে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীদের প্রতি বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে তিনি আজীবন তাঁর প্রতিবাদী কণ্ঠস্বর উচ্চকিত রেখেছেন।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের নারী জাগরণ এবং জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জ্যোতিপ্রভা লারমার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর সংগ্রামী জীবন, আদর্শ ও অবদান আগামী প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে।

Back to top button