বিশেষ প্রতিবেদন

নান্যাচর গণহত্যা দিবস স্মরণে ঢাবিতে স্মরণ সভা ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত

আইপিনিউজ বিডি, ১৭ নভেম্বর ২০২৬, ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ আজ ১৭ নভেম্বর ২০২৬, পিসিপি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে জগন্নাথ হলের শহীদ বেদীতে বর্বরোচিত নান্যাচর গণহত্যার ৩৩ বছর স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

পিসিপি, ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক নেবাই অং খুমীর সঞ্চালনায় এবং সহ-সাধারণ সম্পাদক পাতলাই ম্রোর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন পিসিপি, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেং ইয়ং ম্রো, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যা, পিসিপি ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক হ্লামংচিং মারমা, ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি সুর্মি চাকমা প্রমূখ।

স্মরণ সভার শুরুতে নান্যাচর গণহত্যায় নিহতদের সহ জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মবলিদানকারীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

স্মরণ সভায় বক্তারা বলেন, পাহাড় এবং সমতলে সংঘটিত গণহত্যা সমূহ বাংলাদেশ রাষ্ট্রের বিচারহীনতার সংস্কৃতির প্রতীক। পার্বত্য চট্টগ্রামে ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পূর্বে ১৩টির অধিক গণহত্যা সংঘটিত হওয়ার ইতিহাস রয়েছে। যার একটিরও বিচার আজ পর্যন্ত হয়নি।

বক্তারা বলেন, সেটেলার, রাষ্ট্রীয় বাহিনী এবং রাষ্ট্রযন্ত্র সূক্ষ্মভাবে আদিবাসীদের ওপর গণহত্যা চালিয়ে আদিবাসী নিধন জারি রেখেছে। একইসাথে সাংস্কৃতিক-মনস্তাত্ত্বিক আগ্রাসন, ধর্মান্তরিতকরণ, ভূমি বেদখল এবং সামরিক আগ্রাসন জারি রেখে পার্বত্য চট্টগ্রামে কৃত্রিম রাজনৈতিক অস্থিতিশীলতা বজায় রেখেছে।

বক্তারা আরও বলেন, রাষ্ট্রযন্ত্রের শোষণ-নিপীড়নের বিপরীতে দাড়িয়ে জুম্ম ছাত্র সমাজকে দৃঢ়তার সাথে লড়াই-সংগ্রামে অধিষ্ঠিত হতে হবে এবং প্রগতিশীল চিন্তা-চেতনা, শিল্প-সাহিত্য ও জ্ঞান-গরিমায় পারদর্শী হয়ে পার্বত্য চট্টগ্রামের অধিকার প্রতিষ্ঠা তথা পার্বত্য চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে।

Back to top button