ব্রিটিশবিরোধী আদিবাসী বিদ্রোহের মহানায়ক বিরসা মুন্ডার জন্মদিন আজ

আইপিনিউজ বিডি, ১৫ নভেম্বর ২০২৬, বিশেষ প্রতিবেদকঃ আজ ১৫ নভেম্বর, মহান আদিবাসী নেতা ও ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী। ১৮৭৫ সালের এই দিনে ভারতের বর্তমান ঝাড়খণ্ডের উলিহাতু গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
বিরসা মুন্ডা মূলত ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, শোষণ, নিপীড়ন এবং দেশীয় জমিদার ও মহাজনদের অন্যায়ের বিরুদ্ধে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তিনি আদিবাসীদের ভূমির অধিকার, সামাজিক মর্যাদা, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও আত্মনিয়ন্ত্রণের প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি ‘ধরতি আবা’ (পৃথিবীর পিতা) নামে পরিচিত। তাঁর নেতৃত্বে ১৮৯৯–১৯০০ সালে সংঘটিত ‘উলগুলান’ (মহাবিদ্রোহ) আন্দোলন ব্রিটিশ শাসন ও আদিবাসীদের ওপর চাপিয়ে দেওয়া শোষণমূলক ভূমিব্যবস্থার বিরুদ্ধে এক ঐতিহাসিক গণপ্রতিরোধে পরিণত হয়। এই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল আদিবাসীদের ঐতিহ্যগত ভূমির অধিকার, বন ও প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ এবং নিজস্ব শাসনব্যবস্থা প্রতিষ্ঠা।
বিরসা মুন্ডার সংগ্রাম শুধু ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধেই সীমাবদ্ধ ছিল না; বরং আদিবাসীদের আত্মপরিচয়, সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মর্যাদা রক্ষার আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
১৯০০ সালের ৯ জুন ব্রিটিশ কারাগারে মাত্র ২৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই মহান আদিবাসী নেতা। তাঁর নেতৃত্ব, সংগ্রাম ও আত্মত্যাগ আজও ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায়ের আন্দোলনে অনুপ্রেরণা জোগায়।
উল্লেখ্য, বিরসা মুন্ডার জন্মদিন ১৫ নভেম্বর ভারতে ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে পালিত হয়। ২০২১ সালে ভারত সরকার দিনটিকে আনুষ্ঠানিকভাবে এ দিবস হিসেবে ঘোষণা করে।


