আঞ্চলিক সংবাদ

সীতাকুণ্ডে এম. এন. লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত, আদিবাসী ফোরামের উপজেলা কমিটি গঠন

আইপিনিউজ বিডি, ১১ নভেম্বর ২০২৬, চট্টগ্রামঃ ‘১০ নভেম্বর ’৮৩ অমর হোক’ স্লোগানকে ধারণ করে জুম্ম জনগণের জাতীয় জাগরণের অগ্রদূত ও মহান বিপ্লবী নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ আদিবাসী ফোরামের সীতাকুণ্ড উপজেলা শাখার সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বাংলাদেশ আদিবাসী ফোরাম সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র ত্রিপুরা। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের জাতীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শরৎ জ্যোতি চাকমা।

এছাড়া উপস্থিত ছিলেন পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের কেন্দ্রীয় সভাপতি জগৎ জ্যোতি চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক জুনিয়া ত্রিপুরা, উত্তর জেলা সাধারণ সম্পাদক মতি ত্রিপুরা এবং হাটহাজারী থানা শাখার সভাপতি মৃগ ত্রিপুরা।

বাংলাদেশ আদিবাসী ফোরামের সীতাকুণ্ড উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাঞ্চন ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অনিল বিকাশ চাকমা। এ সময় শোক প্রস্তাব পাঠ করেন সন্তোষ চাকমা এবং মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার জীবনী পাঠ করেন নিজামপুর সরকারি কলেজের শিক্ষার্থী পপি ত্রিপুরা।

প্রধান আলোচকের বক্তব্যে শরৎ জ্যোতি চাকমা বলেন, আজ থেকে ৪৩ বছর আগে চার কুচক্রী দেবেন, পলাশ, প্রকাশ ও গিরি চাকমার হাতে মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমাকে হারাতে হয়েছে। সদ্য স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ সদস্য হিসেবে তিনি দেশের সব মেহনতি মানুষের অধিকারের কথা তুলে ধরেছিলেন। তিনি বহুত্ববাদী চিন্তাধারার মাধ্যমে এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে সব জাতি, ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা সংসদের ভেতরে ও বাইরে সব জায়গায় বহুত্ববাদী ও গণতান্ত্রিক রাষ্ট্রচিন্তার কথা তুলে ধরার চেষ্টা করেছেন। তাঁর নেতৃত্বেই পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক লড়াই-সংগ্রামের সূচনা ও বিকাশ ঘটে। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় এম. এন. লারমার আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মৃগ ত্রিপুরা বলেন, আদিবাসী জাতি হিসেবে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে এম. এন. লারমার দেখানো পথে জাতিকে শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।

জুনিয়া ত্রিপুরা বলেন, এম. এন. লারমা শুধু একটি নাম নন, তিনি একটি আদর্শের প্রতীক। তিনি একাধারে শিক্ষক, আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁর আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসতে হবে।

জগৎ জ্যোতি চাকমা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন বহুগুণে গুণান্বিত একজন নেতা। তাঁর বহুত্ববাদী চিন্তাধারা ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তিনি জুম্ম জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন। তাঁর আদর্শ অনুসরণ করে অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, এম. এন. লারমার মধ্যে ক্ষমা, শিক্ষা গ্রহণ, পরিবর্তন গ্রহণ এবং দূরদর্শিতার মতো গুরুত্বপূর্ণ গুণাবলি বিদ্যমান ছিল। তিনি একাধারে শিক্ষক, আইনজীবী, সংসদ সদস্য ও জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনৈতিক প্রবক্তা ছিলেন। বহুত্ববাদ ও গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে তিনি ঘুমন্ত সমাজকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। তাঁর জীবন ও কর্মের অসংখ্য স্মৃতি আজও আমাদের অনুপ্রেরণা জোগায়, যা স্বল্প পরিসরে ব্যাখ্যা করা সম্ভব নয়।

আলোচনা সভা শেষে মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্বালন করা হয়।

পরে বাংলাদেশ আদিবাসী ফোরামের সীতাকুণ্ড উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে রবীন্দ্র ত্রিপুরাকে সভাপতি, কাঞ্চন ত্রিপুরাকে সাধারণ সম্পাদক এবং সুকুমার ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

বাংলাদেশ আদিবাসী ফোরাম চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মতি ত্রিপুরা নবগঠিত কমিটি ঘোষণা করেন এবং উত্তর জেলা সমন্বয়ক জুনিয়া ত্রিপুরা নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

Back to top button