জাতীয়মানবাধিকার

‘উপজাতি’ শব্দ ব্যবহারের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের সাংস্কৃতিক পর্ব বয়কটের ঘোষণা

আইপিনিউজ বিডি, ২৭ নভেম্বর ২০২৬, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনের সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশনায় অংশগ্রহণের সিদ্ধান্ত সাময়িকভাবে বয়কটের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র কল্যাণ সমিতি। সংগঠনটির পরিচিতি উল্লেখ করতে ‘উপজাতি’ শব্দ ব্যবহারের প্রতিবাদ এবং স্বতন্ত্র জাতিসত্তার পরিচয় ও আত্মমর্যাদার স্বীকৃতির দাবিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৫ নভেম্বর এক বিবৃতিতে সংগঠনটি এ সিদ্ধান্তের কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, আসন্ন সমাবর্তনের সাংস্কৃতিক পর্বে সংগঠনটির পক্ষ থেকে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনার মাধ্যমে অংশগ্রহণের সম্মতি দেওয়া হয়েছিল। তবে গত ২৫ নভেম্বর বিকেল আনুমানিক ৪টায় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব প্রকাশিত একটি সংবাদে সংগঠনটির পরিচিতি উল্লেখ করতে ‘উপজাতি’ শব্দ ব্যবহার করা হয়। শব্দটির ব্যবহারকে অসম্মানজনক ও আপত্তিকর উল্লেখ করে এর প্রতিবাদ জানায় সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি সমাধানের লক্ষ্যে একই দিন সন্ধ্যা ৬টার দিকে সমাবর্তনের সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়কের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে সংবাদটি সংশোধন এবং সম্মানজনক শব্দচয়ন নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। এ সময় আহ্বায়ক দুঃখ প্রকাশ করে সংবাদটি সংশোধনের আশ্বাস দেন।

তবে সংগঠনটির অভিযোগ, পরবর্তী সময়ে সংবাদটির কেবল ফটোকার্ডে পরিবর্তন আনা হলেও মূল প্রতিবেদনে আপত্তিকর শব্দটি অপরিবর্তিত রাখা হয়। পরে সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে একই শব্দ ব্যবহার করে পুনরায় সংবাদ প্রকাশ করা হয়। এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়কের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিবৃতিতে জুম্ম ছাত্র কল্যাণ সমিতি জানায়, তাদের এই অবস্থান কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা আয়োজক কমিটির বিরুদ্ধে নয়। বরং এটি স্বতন্ত্র পরিচয়, আত্মমর্যাদা ও সম্মান রক্ষার একটি নীতিগত অবস্থান। একটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিসর পারস্পরিক শ্রদ্ধা, অন্তর্ভুক্তি, বৈচিত্র্যের স্বীকৃতি ও মর্যাদাপূর্ণ সহাবস্থানের ক্ষেত্র হওয়া উচিত বলেও উল্লেখ করে সংগঠনটি।

এদিকে, আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকাকালীন দায়িত্বপ্রাপ্ত সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়কের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে আলোচনা এবং সম্মানজনক সমাধানে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

সংগঠনটি জানায়, আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধান না হওয়া পর্যন্ত আসন্ন সমাবর্তনের সাংস্কৃতিক পর্বে তাদের নৃত্য পরিবেশনায় অংশগ্রহণের সিদ্ধান্ত সাময়িকভাবে বয়কট থাকবে।

বিবৃতির শেষাংশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে জুম্ম জনগোষ্ঠীর স্বতন্ত্র পরিচয় ও আত্মমর্যাদার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়।

Back to top button