কৃষিবাস্তুতন্ত্রভিত্তিক পদ্ধতিতে উপকূলীয় দুর্যোগ সহনশীলতা বৃদ্ধির ওপর কারিতাসের গবেষণা সেমিনার অনুষ্ঠিত

আইপিনিউজ বিডি, ২৩ নভেম্বর ২০২৬, ঢাকাঃ কৃষিবাস্তুতন্ত্রভিত্তিক (Agroecology) পদ্ধতির মাধ্যমে উপকূলীয় অঞ্চলের দুর্যোগ সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত গবেষণার ফলাফল উপস্থাপন ও অভিজ্ঞতা বিনিময়বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ নভেম্বর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (BARC) অডিটোরিয়ামে কারিতাস বাংলাদেশের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আফছার আলী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির, ক্যাফোডের প্রতিনিধি রিচার্ড স্লোম্যান এবং এফসিডিওর হিউম্যানিটারিয়ান টিম লিডার এলি মুডি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশের পরিচালক (কর্মসূচি) অপূর্ব ম্রং।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক দাউদ জীবন দাশ। গবেষণার ফলাফল উপস্থাপন করেন অস্ট্রিয়ার বকু ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মাইকেল হাউজার।
গবেষণার ফলাফলে দেখা যায়, প্রকল্পভুক্ত পরিবারের ৯৮ শতাংশ কৃষক মাঠ বিদ্যালয়ে (Farmer Field Schools) অংশগ্রহণ করেছেন এবং ৯৭ শতাংশ পরিবারের বীজ ব্যাংকে প্রবেশাধিকার ছিল। বিপরীতে, প্রকল্পের বাইরে থাকা পরিবারগুলোর ক্ষেত্রে এ হার ছিল মাত্র ৪ শতাংশ।
গবেষণায় আরও উঠে আসে, দুর্যোগ-পরবর্তী সময়ে প্রকল্পভুক্ত পরিবারের ৭৩ শতাংশ নিজেদের সঞ্চয় ব্যবহার করে পরিস্থিতি মোকাবিলা করেছে। অন্যদিকে, প্রকল্পের বাইরে থাকা পরিবারগুলোর ৫৪ শতাংশ ঋণ বা বাকির ওপর নির্ভর করেছে। পাশাপাশি প্রকল্পভুক্ত পরিবারগুলো তুলনামূলক দ্রুত কৃষিকাজ ও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে সক্ষম হয়েছে। ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় কৃষি পদ্ধতির পরিবর্তন এবং আয়ের উৎস বহুমুখীকরণেও তাদের উদ্যোগ বেশি দেখা গেছে।

স্বাগত বক্তব্যে দাউদ জীবন দাশ বলেন, স্বাধীনতার পর থেকেই কারিতাস বাংলাদেশ দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবিলা, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আজকের সেমিনারের মাধ্যমে ভবিষ্যতে দেশের দুর্যোগ মোকাবিলায় করণীয় ও কর্মপরিকল্পনা নির্ধারণ করাই মূল লক্ষ্য।
প্যানেল আলোচনায় উবিনীগের নির্বাহী পরিচালক ও সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে বড় ধরনের দুর্যোগে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে কৃষিবীজ সংরক্ষণের গুরুত্ব আরও বেড়েছে। কৃষকদের বাস্তব অভিজ্ঞতা ও নিজস্ব জ্ঞানকে কাজে লাগাতে হবে এবং কৃষকের বীজ কৃষকের কাছেই নিরাপদ রাখার ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে ব্যবহারের জন্য আপৎকালীন বীজ সংরক্ষণ করা জরুরি। দুর্যোগের সময় কৃষকের জীবন ও জীবিকার পাশাপাশি তাঁদের অন্যান্য সম্পদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। আধুনিক কৃষিব্যবস্থা উন্নয়নের নামে কৃষকদের নিজস্ব অভিজ্ঞতা ও ঐতিহ্যগত জ্ঞান যেন হারিয়ে না যায়, সেদিকেও গুরুত্ব দিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আবদুছ ছালাম বলেন, ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় এখন থেকেই সচেতন ও প্রস্তুত হতে হবে। এ জন্য বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবিলা এবং দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি থেকে উত্তরণে প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগাতে হবে। কৃষিক্ষেত্রে খাদ্যবীজ সংরক্ষণেও প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, দুর্যোগের সময় প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। প্রাকৃতিক দুর্যোগকবলিত অঞ্চলগুলোতে দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকারি-বেসরকারি সব পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কারিতাস বাংলাদেশের কার্যক্রম সরকারি বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নেও সহযোগিতা করছে বলে তিনি উল্লেখ করেন।
জলবায়ু বিশেষজ্ঞ, লেখক ও দুর্যোগ ব্যবস্থাপনা গবেষক গওহার নঈম ওয়ারা বলেন, দেশের উপকূলীয় অঞ্চলে বিদ্যমান বিভিন্ন সমস্যা গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। কৃষকদের কাছে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি মাটি ও পরিবেশের প্রতি যত্নশীল হতে হবে। কৃষকদের টিকিয়ে রাখার পাশাপাশি তাঁদের লোকজ ও ঐতিহ্যগত জ্ঞানকে অগ্রাধিকার দিতে হবে।

সমাপনী বক্তব্যে কারিতাস বাংলাদেশের পরিচালক অপূর্ব ম্রং বলেন, মাটি ও পরিবেশের সঙ্গে যাঁদের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে, তাঁদের নিয়েই কারিতাসের কার্যক্রম পরিচালিত হয়। বিদ্যমান সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করাই তাঁদের কাজের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের গবেষণার মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠী উপকৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারে প্যানেল আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্ম সচিব) ড. কে. এম. মামুন উজ্জামান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী কামরুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব রাব্বানী এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার।
গবেষণার ফলাফলের আলোকে সেমিনারে এনজিও, দাতা সংস্থা ও নীতিনির্ধারকদের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরা হয়। এগুলোর মধ্যে রয়েছে—উপকূলীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে দীর্ঘমেয়াদি কৃষিবাস্তুসংস্থানভিত্তিক কর্মসূচি সম্প্রসারণ; কৃষি প্রশিক্ষণের সঙ্গে দুর্যোগ প্রস্তুতি ও আগাম সতর্কতামূলক কার্যক্রমের সমন্বয়; কৃষক দল, সামাজিক নেটওয়ার্ক ও স্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা জোরদার; সঞ্চয়, আয়ের বহুমুখীকরণ ও উৎপাদনশীল সম্পদ সুরক্ষার মাধ্যমে ঋণনির্ভরতা কমানো এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা (National Adaptation Plan), বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কাঠামোতে কৃষিবাস্তুসংস্থানভিত্তিক চর্চা অন্তর্ভুক্ত করা।
সেমিনারে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উন্নয়নকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


