পার্বত্য চট্টগ্রামের নারী জাগরণ ও জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের আজীবন সংগ্রামী জ্যোতিপ্রভা লারমা (মিনু) আর নেই

আইপিনিউজ বিডি, ১৮ নভেম্বর ২০২৬, বিশেষ প্রতিবেদকঃ পার্বত্য চট্টগ্রামের নারী জাগরণ ও জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের আজীবন সংগ্রামী, মহীয়সী নারী শ্রীমতি জ্যোতিপ্রভা লারমা (মিনু) আর নেই। বার্ধক্যজনিত কারণে আজ ১৮ নভেম্বর ২০২৬ (বুধবার) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৯১ বছর।
জ্যোতিপ্রভা লারমা পার্বত্য চট্টগ্রামের নারী অধিকার ও সামাজিক মুক্তির আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। তিনি পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির অন্যতম প্রতিষ্ঠাকালীন সংগঠক এবং কেন্দ্রীয় কমিটির সহসভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সংগঠনটির সভাপতির দায়িত্বও পালন করেন। নারী-পুরুষের বৈষম্য দূরীকরণ, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং পার্বত্য চট্টগ্রামের মানুষের ন্যায়সংগত অধিকার আদায়ের সংগ্রামে তিনি আজীবন নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
১৯৩৫ সালের জ্যৈষ্ঠ মাসের এক বৃহস্পতিবার রাঙামাটি সদরসংলগ্ন ছোট মহাপুরম (মাওরুম) গ্রামে জন্মগ্রহণ করেন জ্যোতিপ্রভা লারমা। পিতা চিত্তকিশোর লারমা এবং মাতা সুভাষিণী দেওয়ানের চার সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তাঁর তিন ছোট ভাই হলেন শুভেন্দু প্রভাস লারমা (বুলু), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি বিপ্লবী নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। তাঁর স্বামীর নাম চিরঞ্জীব তালুকদার। তিনি দুই কন্যা ও তিন পুত্রসন্তানের জননী।
শৈশবে মহাপুরম প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবন শুরু হয়। ওই বিদ্যালয়ের প্রথম নারী শিক্ষার্থী ছিলেন তিনি। সেখানে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পরবর্তীতে কর্মজীবনের পাশাপাশি ১৯৮০ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।
১৯৫৪ সালে রাঙামাটিতে এসে ক্যাথলিক মিশন স্কুলে শিক্ষকতা শুরু করেন তিনি। পরে রাঙামাটি টিচার্স ট্রেনিং সেন্টার থেকে এক বছর মেয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করেন। এরপর ঢাকায় ভিলেজ এইডের অধীনে পল্লী চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করে খাগড়াছড়িতে কর্মজীবন শুরু করেন। সেখানে বিভিন্ন গ্রামে নারীদের স্বাস্থ্যসেবা, চিকিৎসা, খেলাধুলা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
১৯৬০ সালে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে তাঁদের বসতভিটাসহ বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেলে পরিবারসহ খাগড়াছড়ির পানছড়িতে চলে যেতে বাধ্য হন তিনি। সেখানে খাগড়াছড়ি এম.ই. স্কুলে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার পর পার্বত্য চট্টগ্রামের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হন।
১৯৮৩ সালে তাঁর দুই ছোট ভাই মানবেন্দ্র নারায়ণ লারমা ও শুভেন্দু প্রভাস লারমা নিহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত হন এবং আন্দোলনের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হন। ১৯৮৬ সালে পানছড়িতে শান্তিবাহিনী ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর তাঁকে দেশ ছেড়ে ভারতে শরণার্থীজীবন বেছে নিতে হয়। দীর্ঘদিন শরণার্থী হিসেবে ভারতে অবস্থানকালে বিভিন্ন শরণার্থী শিবিরে গ্রাম পঞ্চায়েতের সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং শরণার্থীদের সংগঠিত করার কাজে ভূমিকা রাখেন।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর তিনি স্বদেশে ফিরে আসেন। দেশে প্রত্যাবর্তনের পরও পার্বত্য চট্টগ্রামের নারীদের অধিকার, মর্যাদা ও সমতা প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।
জ্যোতিপ্রভা লারমা মনে করতেন, সমাজে বিদ্যমান নারী-পুরুষের বৈষম্য দূর না হওয়া পর্যন্ত নারীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আমি হয়তো দেখে যেতে পারবো না। কিন্তু এই সমাজে একদিন নারী-পুরুষের বৈষম্য দূর হবেই।’
নারীর অধিকার ও সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের প্রীতিলতা ট্রাস্ট, বাংলাদেশ নারী প্রগতি সংঘ এবং বাংলাদেশ আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলসহ বিভিন্ন সংগঠন তাঁকে সম্মাননা প্রদান করে। এছাড়াও তিনি ‘রৌদ্রজ্জ্বল সূর্যের প্রতীক্ষায়’, ‘চাঙমা পজ্জন’র ফুলবারেং’ সহ বিভিন্ন বই লিখেছেন ।
তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের নারী অধিকার আন্দোলন, সামাজিক মুক্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বের জীবনাবসান ঘটল। তাঁর দীর্ঘ সংগ্রামী জীবন, ত্যাগ ও অবদান পার্বত্য চট্টগ্রামের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।


