বিশেষ প্রতিবেদনশিক্ষা

বান্দরবানে পিসিপি’র উদ্যোগে আদিবাসী শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক পরিবেশনা ২০২৬ অনুষ্ঠান সম্পন্ন

আইপিনিউজ বিডি, ১৬ নভেম্বর ২০২৬, বান্দরবান প্রতিনিধিঃ ‘অস্তিত্ব রক্ষার তরে শেকড়ের আহ্বান, জ্ঞানের মশাল জ্বালো জুম্ম নবীন প্রাণ’ স্লোগানকে সামনে রেখে বান্দরবানে নবীন বরণ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), বান্দরবান জেলা শাখার উদ্যোগে বান্দরবান সাংস্কৃতিক ইনস্টিটিউটের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উচ্চমাধ্যমিক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেওয়া হয়।

পিসিপি, বান্দরবান জেলা শাখার সভাপতি উশৈহ্লা মারমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডিসন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রংথইং ম্রো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা কমিটির সভাপতি সুমন মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, উন্নয়নকর্মী লেলুং খুমী, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বান্দরবান জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উ ক্যসামং মারমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অন্বেষ চাকমা, হিল উইমেন্স ফেডারেশন, বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি এনু মারমা এবং পিসিপি, বান্দরবান সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক জেকিপ্রু মারমা প্রমুখ।

সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেন অতিথিরা। এ সময় নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন বান্দরবান সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ভানডিম বম।

প্রধান অতিথির বক্তব্যে সুমন মারমা বলেন, শিক্ষার্থীদের জন্য যথাযথ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু বর্তমান পুঁজিবাদী শিক্ষাব্যবস্থায় রাষ্ট্র শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে জুম্ম শিক্ষার্থীরা নানা সীমাবদ্ধতার কারণে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে রয়েছে। অর্থনৈতিক সংকট ও মানসম্মত শিক্ষার পরিবেশের অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী অকালে ঝরে পড়ছে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সুন্দর মনের মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার দায়িত্ব শিক্ষার্থীদের নিজেদেরই নিতে হবে। অভিভাবকেরা অনেক কষ্ট করে সন্তানদের শিক্ষার ব্যয় বহন করেন। তাই শিক্ষার্থীদের সেই ত্যাগের মূল্য উপলব্ধি করতে হবে। মাদক, জুয়া ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে, যাতে অর্জিত জ্ঞান সমাজ ও জাতির কল্যাণে কাজে লাগানো যায়।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক সমস্যাকে বিভিন্ন সরকার সামরিক উপায়ে সমাধানের ব্যর্থ চেষ্টা চালিয়ে আসছে। অথচ এ সমস্যার সমাধান সামরিক নয়, রাজনৈতিক পথেই সম্ভব। এ জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা আদিবাসী ও বাঙালি নবীন শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণের প্রশংসা করে বলেন, বাংলাদেশকেও অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী চেতনায় গড়ে তুলতে হবে। দেশ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে নবীন প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশকে সব জাতিগোষ্ঠীর জন্য একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা প্রয়োজন।

উন্নয়নকর্মী লেলুং খুমী বলেন, সবার আগে সুন্দর মনের মানুষ হতে হবে। শিক্ষাজীবনে নানা প্রতিকূলতা ও বাধা আসবে, কিন্তু সেসবের কাছে হার মানা যাবে না। জীবনের প্রতিটি পর্যায়ে সংগ্রামের মধ্য দিয়েই এগিয়ে যেতে হয়। শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ, তাই তাদের সুষ্ঠুভাবে গড়ে তুলতে অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উ ক্যসামং মারমা বলেন, ছাত্রসমাজ কোনো নীতি, আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে তখনই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারে, যখন তাদের মধ্যে দেশপ্রেম ও জাতিপ্রেমের চেতনা সুদৃঢ় থাকে। নেলসন ম্যান্ডেলার মতো ক্ষমা ও সহনশীলতার গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি পারস্পরিক হানাহানি, বিভাজন ও বিদ্বেষ পরিহার করে ঐক্য, সম্প্রীতি ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

পিসিপির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অন্বেষ চাকমা বলেন, সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে পার্বত্য চট্টগ্রামের শিক্ষাব্যবস্থার বেহাল চিত্র ফুটে উঠেছে। প্রচলিত শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও অবকাঠামোগত সংকট এবং মানসম্মত শিক্ষার পরিবেশের অভাব এর অন্যতম কারণ। এসব সংকটের ফলে জুম্ম শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিছিয়ে পড়ছে।

তিনি আরও বলেন, নিজেদের অধিকার সম্পর্কে অসচেতনতার কারণে অনেক সময় প্রাপ্য অধিকার থেকেও বঞ্চিত হতে হয়। তাই অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং তা প্রতিষ্ঠায় সোচ্চার থাকা জরুরি। একটি জাতির সামগ্রিক অস্তিত্ব ও বিকাশ নিশ্চিত করতে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাও অপরিহার্য। শিক্ষার উদ্দেশ্য কেবল প্রাতিষ্ঠানিক সনদ অর্জন নয়, বরং মানবিক মূল্যবোধ ও গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠা।

হিল উইমেন্স ফেডারেশনের বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি এনু মারমা বলেন, নবীন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের জাতির অস্তিত্ব সম্পর্কেও সচেতন হতে হবে। এ জন্য রাজনৈতিকভাবে সচেতন হওয়া জরুরি। শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতি গঠনের কারিগর। তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

পিসিপি, বান্দরবান সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক জেকিপ্রু মারমা বলেন, বান্দরবানের কলেজগুলোতে নানা ধরনের সংকট রয়েছে। মানসম্মত শিক্ষার পরিবেশের অভাবে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। শিক্ষার্থীদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে পিসিপিকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সভাপতি উশৈহ্লা মারমার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে। পরে গিরিসুর শিল্পীগোষ্ঠী, বান্দরবান জেলা শাখার শিল্পীবৃন্দ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জাতিগোষ্ঠীর গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হয়।

Back to top button