টেকনাফ থেকে ঢাকা—১,০০০ শিশুর স্বপ্ন পূরণে ‘ওয়াক ফর হিউম্যানিটি’

আইপিনিউজ বিডি, ২১ নভেম্বর ২০২৬, বিশেষ প্রতিবেদকঃ মানবতা, মৈত্রী ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়া এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উথোয়াইংগ্য মারমা। ‘WALK FOR HUMANITY’ শীর্ষক এ উদ্যোগের অংশ হিসেবে টেকনাফ থেকে ঢাকা পর্যন্ত পদযাত্রা শুরু করেছেন তিনি ও তাঁর সহযোগীরা। এই পদযাত্রার মাধ্যমে দেশ-বিদেশের মানুষের কাছে শিশুদের শিক্ষা, আবাসন ও মানবিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরতে চান তাঁরা।
উথোয়াইংগ্য মারমার দীর্ঘদিনের প্রচেষ্টায় ২০২২ সালে মাত্র ৯ জন শিশুকে নিয়ে যাত্রা শুরু করে রংখেদং শিশু সদন। পরবর্তীতে প্রতিষ্ঠিত হয় প্রেন্নুই শিক্ষালয়। বর্তমানে এ দুটি উদ্যোগের মাধ্যমে প্রায় ২৬০ জন সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা ও বিভিন্ন ধরনের মানবিক সহায়তা পাচ্ছে।
আয়োজকদের স্বপ্ন, এই উদ্যোগকে আরও বিস্তৃত করে দীর্ঘমেয়াদে ১,০০০ সুবিধাবঞ্চিত শিশুর জন্য একটি সমন্বিত শিক্ষা ও আবাসন ক্যাম্পাস গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে তাঁরা দেশ-বিদেশের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছেন।
‘One Sack of Rice — One Child’s Future’ (এক বস্তা চাল, একটি শিশুর ভবিষ্যৎ) স্লোগানকে সামনে রেখে উদ্যোগটির মাধ্যমে ১৫ হাজার মানবিক বন্ধু তৈরি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তাঁদের প্রত্যাশা, প্রত্যেকের সামান্য সহযোগিতা একেকটি শিশুর শিক্ষা, খাদ্য, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্যোক্তাদের মতে, একটি শিশুর ভবিষ্যৎ গড়ে তোলা শুধু ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়; বরং এটি সামষ্টিক মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই ‘WALK FOR HUMANITY’ পদযাত্রার মাধ্যমে মানুষের মধ্যে মানবিকতা, পারস্পরিক মৈত্রী ও সহমর্মিতার চেতনা জাগ্রত করতে চান তাঁরা।
একটি বস্তা চালের সহযোগিতা থেকে শুরু করে দীর্ঘমেয়াদি শিক্ষা ও আবাসন নিশ্চিত করা—প্রতিটি ছোট উদ্যোগই একটি শিশুর জীবনে বড় পরিবর্তন আনতে পারে। সেই প্রত্যাশা নিয়েই টেকনাফ থেকে ঢাকার পথে মানবতার বার্তা পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখছেন উদ্যোগটির সঙ্গে সংশ্লিষ্টরা।


