মতামত ও বিশ্লেষণ

আমার ভাবনায় এম এন লারমা- অনন্ত তঞ্চঙ্গ্যা

মানবেন্দ্র নারায়ণ লারমা- আত্মনিয়ন্ত্রনাধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামের একটি প্রতিকৃৎ এর নাম। তাঁর অকুতোভয় সাহসীকতা ও নিদারুণ প্রচেষ্টার জন্য পুরো একটি জুম্ম জাতি নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখছে এবং দেখবে। তিনি পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী মানুষদের বৈচিত্র্যতার শক্তিকে ঐক্যে পরিণত করে তাদের সবাইকে একই ছাতার নিচে এনেছিলেন। শোষণের যাতাকল থেকে মুক্তির জন্য তিনি জুম্ম জাতির মধ্যে অদ্ভুত এক তাড়না তৈরি করে দিয়েছিলেন। কি সেই তাড়না? – মুক্ত বিহঙ্গের মতো বাঁচার তাড়না, পাহাড়ের সুদিনের সুবাতাস উপভোগ করার তাড়না। তিনি শুধু পাহাড়ের আদিবাসীদের শৃঙ্খলমুক্ত করতে চাননি, তিনি সমতলের আদিবাসীসহ সর্বোপরি খেটে খাওয়া ও মেহনতি মানুষের দুঃখ-দুর্দশার গাঁথার ইতি টানতে চেয়েছিলেন। তাই তিনি বাংলাদেশের স্বাধীনতাত্তোর সংসদে দাঁড়িয়ে জাত্যভিমান বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে বলেছিলেন, “বাংলাদেশের কোটি কোটি জনগণের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। সবদিক দিয়েই আমরা একসঙ্গে একযোগে বসবাস করে আসছি। কিন্তু আমি একজন চাকমা। আমার বাপ-দাদা, চৌদ্দ পুরুষ কেউ বলে নাই আমি বাঙালি।”

প্রয়াত নেতা বিপ্লবী এম এন লারমার প্রতি আমার শ্রদ্ধা ও ভালো লাগার অনেকগুলো বিষয়ের মধ্যে প্রধান যে দুটি বিষয়- তিনি জুম্ম জাতিকে প্রথমে শিক্ষিত করতে চেয়েছিলেন এবং একইসাথে রাজনৈতিক সচেতন করে তুলতে চেয়েছিলেন। এই জায়গায় তাঁর রাজনৈতিক দুরদর্শিতা ও রাজনৈতিক প্রজ্ঞার যথাযথ প্রমাণ পাওয়া যায়। এই বিপ্লবী নেতা তাঁর কর্মজীবন শুরু করেছিলেন দীঘিনালা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে। তিনি সহ তার সহযোদ্ধারা বুঝতে পেরেছিলেন সেই সময়ের শিক্ষার আলো থেকে বঞ্চিত ঘুণেধরা সামন্তীয় সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করতে না পারলে পুরো জুম্ম জাতি মুক্তির দিশা খুঁজে পাবে না। তাই তিনি তাঁর ঐতিহাসিক আহ্বান জানিয়েছিলেন- “শিক্ষা গ্রহণ কর, গ্রামে ফিরে চল।” একটি জাতিকে অধিকার সচেতন করে তোলার জন্য শিক্ষা খুবই দরকার। একজন শিক্ষিত রাজনৈতিক সচেতন জুম্ম তরুণ আদিবাসীদের সমস্যাগুলোকে শুধু জানবে বা বুঝবে না, সে উপলব্ধিও করবে। যখনই সে উপলব্ধি করবে, তখনই সেই বিষয়ের মধ্যে নিজেকে খুঁজবে। বিষয়টিকে অনুধাবন করবে, সমাধানের পথও উন্মোচন করবে। এম এন লারমারা শুধু নিজেরা শিক্ষিত হয়ে থেমে থাকেননি। তাঁরা সেই সময়কার কঠোর সামন্তীয় ব্যবস্থা ও সরকারের নিপীড়ন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার জন্য একটি শিক্ষিত জাতিগোষ্ঠী তৈরি করতে চেয়েছিলেন। এবং তারা অনেকাংশে সফল। সেই সময় এম এন লারমা সহ একঝাঁক স্বপ্নবাজ জুম্ম তরুণ পাহাড়ে শিক্ষার আলোকবর্তিকা হয়ে পাহাড়ের প্রতিটি কোণায় নিজেদেরকে নিয়োজিত করেছিলেন। তাদের সেই সুদূরপ্রসারী কর্মযজ্ঞকে আমরা “মাস্টার্স রেভ্যুলেশন ইন সিএইচটি” নামে জানি। এই ধারাকে বজায় রেখে আমরাও চিরচেনা পাহাড়ে ফিরি। শিক্ষার মশাল হাতে নিয়ে ঘুনধুম থেকে ধুধুকছড়ার পথে প্রান্তরে ঘুরে ঘুরে আগামী প্রজন্মের মধ্যে সংগ্রামী চেতনার বীজ বপন করে দিই।

জুম্ম জাতিকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলার জন্য এম এন লারমা চিরভাস্বর ও আগামীর পথ প্রদর্শক হয়ে থাকবেন। তৎকালীন পাকিস্তান সরকার যখন পার্বত্য চট্টগ্রামের মরণফাঁদ কাপ্তাই বাঁধের কাজ শুরু করেছিলেন তখন সেটির ভয়াবহতা আঁচ করতে পেরে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাপ্তাই বাঁধের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য লারমা জুম্মদেরকে বুঝিয়েছিলেন, সংগঠিত করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন কাপ্তাই বাঁধ হলে নিরীহ জুম্মদের ভিটেমাটি, চাষের জমি ডুবে যাবে। কাপ্তাই বাঁধের ফলে প্রায় এক লক্ষ মানুষ অভ্যন্তরীণ ও আভ্যন্তরীণ উদ্ভাস্তু হয়। ঘরহারা মানুষের হাহাকার চারিদিকে ছড়িয়ে পড়ে। কাপ্তাই বাঁধের বিরুদ্ধে সচেতনতা ক্যাম্পেইন করতে গিয়ে এম এন লারমাকে তৎকালীন পাকিস্তান সরকার কারাগারেও বন্দি করে রেখেছিল। কিন্তু অদম্য লারমা থেমে থাকেননি। পরবর্তীতে তিনি গণপরিষদ ও বাংলাদেশের স্বাধীনতাত্তোর জাতীয় সংসদেও সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সংসদে দাঁড়িয়ে তিনি জুম্ম জাতির স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে একজন নাগরিক হয়ে বেঁচে থাকার দাবিতে জাত্যভিমানী বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে একাই লড়াই করেছিলেন। কিন্তু যখন দেখেন, বাংলাদেশের সরকার আদিবাসী জুম্মদের স্বতন্ত্র অস্তিত্বকে সংরক্ষণের পরিবর্তে বিলুপ্ত করে বাঙালি জাতীয়বাদকে চাপিয়ে দিয়ে বাঙালি বানাতে চায়, তখন তিনি নিজেদেরকে প্রতিবাদের আরেক ধাঁপে নিয়ে যান। যার প্রেক্ষিতে পরবর্তীতে তিনি সহ কয়েকজনের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের সমস্ত জুম্ম জনগণের একমাত্র রাজনৈতিক দল ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’ প্রতিষ্ঠা লাভ করে।

বিপ্লবী নেতা এম এন লারমা আমাদের সকলকে শিখিয়েছিলেন কিভাবে শিরদাঁড়া উঁচু করে প্রতিবাদ করতে হয়। যার আদর্শে আদর্শিত হয়ে আমরা জুম্ম তরুণ সমাজ পার্বত্য চট্টগ্রামের সকল জুম্ম জনগণকে মুক্তির দিশা দেখানোর প্রেরণা পাই। আমরা আশাবাদী, পার্বত্য চট্টগ্রামের আকাশকে আমরা একদিন দখলে নিব। আদিবাসী নারীরা নিরাপদে, নির্ভয়ে তাদের ঘরে ফিরবে। বিপ্লবী নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং জুম্ম তরুণ সমাজকে আহ্বান জানাচ্ছি- এম. এন. লারমার চেতনাকে ধারণ করে আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়া এবং পার্বত্য চট্টগ্রামের প্রতিটি প্রান্তে পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তির পথ নির্মাণ করাই হোক এই প্রজন্মের অঙ্গীকার, লক্ষ্য ও ঐতিহাসিক দায়িত্ব।

লেখকঃ অনন্ত তঞ্চঙ্গ্যা, সভাপতি, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ

Back to top button