আঞ্চলিক সংবাদ

খাগড়াছড়িতে পিকআপ ভ্যানের ধাক্কায় যুব উন্নয়ন কর্মকর্তা নিহত

আইপিনিউজ বিডি, ৯ নভেম্বর ২০২৬, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়িতে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একটি পিকআপ ভ্যানের ধাক্কায় নিরুপন চাকমা নামে এক যুব উন্নয়ন কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটের দিকে খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্রের দ্বিতীয় গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্যমতে, নিরুপন চাকমা মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পিকআপ ভ্যানটি অতিরিক্ত গতিতে চলছিল। ধাক্কার তীব্রতায় নিরুপন চাকমা ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং তাঁর মোটরসাইকেলটি প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে ছিটকে পড়ে। পরে তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে তাঁকে আটক করেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার সময় চালকের আচরণ ছিল অস্বাভাবিক এবং তিনি নেশাগ্রস্ত থাকতে পারেন। তবে এ অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, চালকের দায় নির্ধারণ এবং নিরুপন চাকমার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Back to top button