শিল্প ও সংস্কৃতি

বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আদিবাসী উৎসব উদযাপন

আইপিনিউজ বিডি, ৫ নভেম্বর ২০২৬, ময়মনসিংহঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে থিয়েটার অ্যান্ড পারফর্মেন্সে স্টাডিজ কর্তৃক আয়োজনে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও জীবনধারাকে তুলে ধরতে দিনব্যাপী ‘আদিবাসী উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ উৎসবের আয়োজন করা হয়।

সকাল ১০টায় উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী আয়োজনে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জুম নাচসহ বিভিন্ন আদিবাসী গান ও নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ ইমদাদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইসমত আরা ভূঁইয়া ইলা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিছিল, উন্নয়নকর্মী ও সমাজকর্মী মথুরা বিকাশ ত্রিপুরা এবং প্রিংসন সাংমাসহ অন্যান্য অতিথিরা।

উৎসবের বিভিন্ন পর্বে ছিল আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খেলাধুলা, গল্পের আসর, কবিতা আবৃত্তি, গান, নৃত্য ও সাংস্কৃতিক আড্ডা। এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ঘিলা খেলা এবং মারমা সম্প্রদায়ের রূপকথা নিয়ে গল্পের আসর। বিকেলে কবিতা আবৃত্তি, আদিবাসী গান ও নৃত্যের পাশাপাশি ‘নামের সুতোর মতো’ শীর্ষক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া বোটাল নৃত্য ও ডান্স ক্লাবের পরিবেশনাও উৎসবে বাড়তি মাত্রা যোগ করে।

আয়োজকদের এ উদ্যোগের মধ্য দিয়ে দেশের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যময় ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প ও জীবনধারা তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সাংস্কৃতিক বোঝাপড়া ও সম্প্রীতি জোরদার হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখার পাশাপাশি বৈচিত্র্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ইতিবাচক অবদান রাখবে।

Back to top button