আঞ্চলিক সংবাদ

পাহাড়ভাঙ্গা পাড়ায় নতুন ক্যাম্প স্থাপন: জুম চাষের জমি ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় ম্রো জনগোষ্ঠী

আইপিনিউজ বিডি, ৩ অক্টোবর ২০২৬, বান্দরবানঃ বান্দরবান জেলার আলীকদম উপজেলায় ৪নং কুরুপপাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাহাড়ভাঙ্গা পাড়ায় আলীকদম সেনা জোনের অধীনে একটি নতুন সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় আদিবাসী ম্রোদের মধ্যে জীবনজীবিকা ও নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ভাঙ্গা পাড়াটি ম্রো সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী ও অধ্যুষিত গ্রাম, যেখানে দীর্ঘ বছর ধরে ম্রোরা বসবাস করে আসছেন। তাদের জীবনধারণ ও জীবিকার একমাত্র প্রধান উৎস হলো পাহাড়ের ঐতিহ্যবাহী জুম চাষ। তবে স্থানীয়দের জায়গার ওপর এই সেনা ক্যাম্প স্থাপন করা হলে তাদের জুম চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি অনেকেই একধরনের নিরাপত্তাহীনতার আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

অনুসন্ধানে জানা যায়, ক্যাম্প স্থাপনের জন্য ইতিমধ্যে নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা হয়েছে এবং সেখানে একটি হেলিপ্যাডও নির্মাণ করা হয়েছে।

স্থানীয় ম্রো বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, পাহাড়ভাঙ্গা পাড়া থেকে পোয়ামুহুরি বাজার পর্যন্ত যাতায়াতের পথ প্রায় ৪ ঘণ্টার এবং সেখানে কোনো গাড়ির যাতায়াত ব্যবস্থা নেই। এই দুর্গম এলাকায় ক্যাম্প স্থাপিত হলে ক্যাম্পের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র স্থানীয় লোকজনের মাধ্যমেই বাজার থেকে বহন করে আনতে হতে পারে বলে তাদের শঙ্কা। এমন পরিস্থিতি সৃষ্টি হলে তা তাদের স্বাভাবিক জীবনযাত্রা ও দৈনন্দিন জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

Back to top button