আদিবাসী দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত হবে ভার্চুয়াল মাধ্যমেঃ সঞ্জীব দ্রং

সতেজ চাকমা: আসন্ন ৯ আগষ্ট ২০২০ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আদিবাসী ফোরাম ও বিভিন্ন আদিবাসীবান্ধক সংগঠনগুলো নানা ধরণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে আদিবাসী ফোরামের সাধারন সম্পাদক সঞ্জীব দ্রং। আজ ৬ আগষ্ট সকাল ১১.৩০ ঘটিকায় আদিবাসী ফোরাম আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মূল বক্তব্যে উল্লেখ করেন যে, আগামীকাল ৭ আগস্ট রাত ৮টায় আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস আয়োজিত আদিবাসী দিবস উপলক্ষে ওয়েবিনার অনুষ্ঠিত হবে। ককাসের কনভেনর জননেতা ফজলে হোসেন বাদশা এমপি সভায় সভাপতিত্ব করবেন বলেও জানান তিনি।
এছাড়া আগামী ৮ আগস্ট বিকাল ৩টায় এএলআরডি-প্রথম আলো আয়োজিত গোলটেবিল ওয়েবিনার অনুষ্ঠিত হবে বলে জানান এ আদিবাসী নেতা। একই দিন জনইতিহাস চর্চা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত আদিবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করবে। উক্ত আলোচনা সভায় বিশিষ্ট আদিবাসী গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড.ঈষাণী চক্রবর্তী সভাপত্বি করবেন যেখানে ১৭টি বিশ^বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নিবেন বলে জানা গেছে।
এদিকে করোনা বাস্তবতাকে মেনে নিয়ে আসন্ন ৯ আগস্ট সকাল ১০টায় শুরু হবে বাংলাদেশ আদিবাসী ফোরামের মূল অনুষ্ঠান। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উক্ত আয়োজনে সভাপতি ও সাধারণ সম্পাদকের ভিডিও বার্তা এবং দেশের বিশিষ্ট নাগরিকদের ভিডিও শুভেচ্ছা বার্তাও থাকবে। আদিবাসী শিল্পীদের সংগীত পরিবেশনা সহ বিকালে অনলাইন আলোচনা অনুষ্ঠিত হবে যেখানে বিশিষ্ট নাগরিকবৃন্দ অংশগ্রহণ করবেন বলেও জানান সঞ্জীব দ্রং। এছাড়া সেদিন রাত ৮টায় বিশ্বব্যাপী কোভিড মহামারিতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে এবং ধরিত্রীর সুস্থ্যতার জন্য নিজ বাড়িতে বসে প্রদীপ প্রজ্জ্বলন ও এক মিনিট মৌনব্রত পালনের আয়োজনও করেছে আদিবাসী ফোরাম।
এছাড়া আগামী ১০ আগস্ট বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে আদিবাসী দিবস উপলক্ষ্যে ছাত্র ও যুব বন্ধুদের আলোচনা সভা, ১১ আগস্ট বাংলাদেশ আদিবাসী ফোরামের আয়োজনে আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হবে যেখানে জাতিসংঘের প্রতিনিধিসহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন।
এছাড়া আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আদিবাসী কালচারাল ফোরামও আয়োজন করেছে আদিবাসীদের বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগীতার যা অনলাইনে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
অন্যদিকে ১২ আগস্ট আইইডি ও জনউদ্যোগ আয়োজিত আদিবাসী দিবসের অনুষ্ঠান আয়োজন করবে এবং ১৩ আগস্ট বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ও আদিবাসী নারী নেটওয়ার্ক আয়োজিত আদিবাসী নারীর অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়াও দেশের বিভিন্ন জেলায় ও উপজেলায় করোনা বাস্তবতাকে মেনে নিয়ে নানা আয়োজনে আদিবাসী দিবস উদযাপন করা হবে বলে আদিবাসী ফোরামের সাধারন সম্পাদক উক্ত সংবাদ সম্মেলনে জানিয়েছেন।


