
আইপিনিউজ বিডি, ৭ অক্টোবর ২০২৬, ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও গবেষণাচর্চাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে তরুণদের উদ্যোগে গড়ে ওঠা নতুন প্ল্যাটফর্ম ‘জুমশৈলী’।
একঝাঁক তরুণের স্বপ্ন, ভাবনা ও উদ্যোগে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মটি পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চাকে কেন্দ্র করে একটি উন্মুক্ত ও সৃজনশীল পরিসর তৈরির লক্ষ্যে কাজ করবে।
‘জুমশৈলী’র সম্পাদক ম্যাকলিন চাকমা জানান, তরুণ প্রজন্মের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের আদিবাসী লেখক, কবি, সাহিত্যিক, গবেষক ও মুক্তচিন্তার মানুষদের সৃজনশীলতা, চিন্তা ও অভিজ্ঞতাকে একটি অভিন্ন পরিসরে যুক্ত করার লক্ষ্য রয়েছে তাদের। এর মাধ্যমে আদিবাসী ভাষা ও সাহিত্যচর্চার বিকাশের পাশাপাশি নিজস্ব জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে গবেষণা ও আলোচনা আরও জোরদার হবে।
তিনি বলেন, বর্তমান সময়ে আদিবাসী ভাষা ও সংস্কৃতি নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে নিজস্ব ভাষা, ঐতিহ্যবাহী জ্ঞান ও সাংস্কৃতিক চর্চার সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এমন বাস্তবতায় নতুন প্রজন্মকে ভাষা, সাহিত্য ও জ্ঞানচর্চার সঙ্গে যুক্ত করার পাশাপাশি প্রবীণ ও নবীন প্রজন্মের মধ্যে একটি সেতুবন্ধন তৈরিতে ‘জুমশৈলী’ ভূমিকা রাখতে চায়। মুক্তচিন্তা, যুক্তিবোধ, সৃজনশীলতা ও গবেষণার চর্চাকে ধারণ করে ‘জুমশৈলী’ পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ভাষা, সাহিত্য ও সংস্কৃতির একটি প্রাণবন্ত জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠতে চায়।
জুমশৈলীর তরুণ উদ্যক্তারা জানান, ভবিষ্যতে আদিবাসী ভাষা ও সাহিত্য নিয়ে লেখালেখি, গবেষণা, আলোচনা, প্রকাশনা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং তরুণদের অংশগ্রহণমূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
তাদের প্রত্যাশা, ‘জুমশৈলী’ শুধু একটি সাহিত্য বা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে সীমাবদ্ধ থাকবে না; বরং পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও জ্ঞানচর্চার একটি মুক্ত ও বিকাশমান পরিসর হিসেবে গড়ে উঠবে।


