জাতীয়

জ্যোতিপ্রভা লারমার মৃত্যুতে সিপিবির শোক প্রকাশ

আইপিনিউজ বিডি, ১৯ নভেম্বর ২০২৬, ঢাকাঃ পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট সমাজকর্মী, লেখক ও সংগ্রামী নারী নেত্রী জ্যোতিপ্রভা লারমা (মিনু)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বার্ধক্যজনিত অসুস্থতায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিপিবির সভাপতি কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে বলেন, জ্যোতিপ্রভা লারমা ছিলেন পার্বত্য চট্টগ্রামের অধিকার প্রতিষ্ঠা, নারী মুক্তি, সামাজিক বৈষম্য দূরীকরণ ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত এক মহীয়সী নারী। তাঁর জীবন ছিল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষায় নিবেদিত।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, কাপ্তাই বাঁধের কারণে নিজ জন্মভূমি হারানো, বাস্তুচ্যুতির বেদনা এবং পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংঘাতের কঠিন বাস্তবতার মধ্যেও তিনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন। শিক্ষকতা, সমাজকর্ম, স্বাস্থ্যসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও শিক্ষা অর্জন ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা তাঁর দৃঢ়তা ও অদম্য মানসিকতার পরিচয় বহন করে।

তাঁরা বলেন, ১৯৮৩ সালে তাঁর দুই ভাই নিহত হওয়ার পর পার্বত্য চট্টগ্রামের অধিকার প্রতিষ্ঠার নিয়মতান্ত্রিক আন্দোলনে তিনি আরও সক্রিয়ভাবে যুক্ত হন। শরণার্থী জীবনের কঠিন সময়েও তিনি সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির নেতৃত্বে তাঁর ভূমিকা এবং সামাজিক বৈষম্য দূরীকরণ ও নারী অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় অংশগ্রহণ তাঁকে সংগ্রামী মানুষের শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে। লেখক হিসেবেও তিনি নিজের অভিজ্ঞতা, স্মৃতি, উপলব্ধি ও স্বপ্ন লিপিবদ্ধ করে গেছেন, যা আগামী প্রজন্মের কাছে মূল্যবান সম্পদ হয়ে থাকবে।

সিপিবির নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, জ্যোতিপ্রভা লারমার মৃত্যু পার্বত্য চট্টগ্রামের অধিকার আন্দোলন, নারী মুক্তি ও সামাজিক আন্দোলনের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মকে অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে এবং মানবিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করবে।

বিবৃতিতে প্রয়াত জ্যোতিপ্রভা লারমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন সিপিবির নেতৃবৃন্দ।

Back to top button