জাতীয়

জ্যোতিপ্রভা লারমার প্রয়াণে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির গভীর শোক প্রকাশ

আইপিনিউজ বিডি, ১৯ নভেম্বর ২০২৬, রাঙ্গামাটিঃ পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাবেক সহ-সভাপতি ও জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের আজীবন সংগ্রামী নারী নেত্রী শ্রীমতি জ্যোতিপ্রভা লারমা (মিনু)-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) প্রকাশিত এক শোকবার্তায় সংগঠনটি জানায়, ওই দিন সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে চট্টগ্রামের রয়্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

শোকবার্তায় বলা হয়, জ্যোতিপ্রভা লারমার জন্ম ১৯৩৫ সালে রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার ছোট মহাপুরম (মাওরুম) গ্রামে। পিতা চিত্তকিশোর লারমা ও মাতা সুভাষিণী দেওয়ানের চার সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তাঁর ছোট তিন ভাই হলেন শুভেন্দু প্রভাস লারমা (বুলু), মানবেন্দ্র নারায়ণ লারমা (মঞ্জু) এবং জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু)। তাঁর স্বামীর নাম চিরঞ্জীব তালুকদার। তিনি দুই কন্যা ও তিন পুত্রসন্তানের জননী।

তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পাস করেন। ১৯৫৪ সালে রাঙামাটিতে এসে স্বনামখ্যাত ক্যাথলিক মিশন স্কুলে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে ঢাকায় ভিলেজ এইডের (পল্লী ডাক্তারি কোর্স, ভি.এ.আই.ডি.) কাজে যুক্ত হন। তবে পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল পরিস্থিতি এবং জুম্ম জনগণের সামগ্রিক স্বার্থের কথা বিবেচনা করে চাকরি ছেড়ে আন্দোলন-সংগ্রামে আত্মনিয়োগ করেন।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, ১৯৭৫ সালের ১০ আগস্ট খাগড়াছড়ির দাতঁকুপ্পে নামক একটি প্রাথমিক বিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির আত্মপ্রকাশের সময় থেকেই তিনি সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। এরপর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিরবচ্ছিন্নভাবে জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং নারী সমাজের সংগঠিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জীবনের শেষ পর্যায়ে তিনি কবিতা, গল্প ও আত্মস্মৃতিমূলক রচনায়ও মনোনিবেশ করেন।

ব্যক্তিজীবনে তিনি ছিলেন ধৈর্যশীলা, কষ্টসহিষ্ণু, মিশুক, নিরহংকারী ও স্নেহপরায়ণ। স্বজাতিপ্রেম ও মানবতাবাদী আদর্শে উজ্জীবিত এই নারী নেত্রী পার্বত্য চট্টগ্রামের জুম্ম নারী সমাজের ত্যাগ-তিতিক্ষা, সংগ্রাম ও সাহসিকতার এক উজ্জ্বল প্রতীক হয়ে থাকবেন বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।

জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং নারী সমাজের উন্নয়ন ও সংগঠনে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের প্রীতিলতা ট্রাস্ট, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, বাংলাদেশ আদিবাসী ফোরাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাঁকে সম্মাননা প্রদান করে।

শোকবার্তায় পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি জানায়, আজীবন সংগ্রামী এই নারী নেত্রী, সংগঠক ও গুণী ব্যক্তিত্বের প্রয়াণে সংগঠন গভীরভাবে শোকাহত। তাঁর সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে সংগঠনটি। একই সঙ্গে তাঁর সংগ্রামী জীবনের স্মৃতি ও আদর্শ দীর্ঘজীবী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Back to top button