পাহাড়ের সন্তান থেকে হিমালয়ের অভিযাত্রী: বীর কুমার তঞ্চঙ্গ্যার দুঃসাহসিক যাত্রা

আইপিনিউজ বিডি, ৬ অক্টোবর ২০২৬, ডেস্ক রিপোর্টঃ কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠের জিরো পয়েন্ট থেকে স্থলপথে সাইকেল চালিয়ে নেপালের এভারেস্ট অঞ্চলে পৌঁছে তিনটি উচ্চতম পাস—কংমা লা (Kongma La), চো লা (Cho La) ও রেনজো লা (Renjo La)—সামিট করে অনন্য রেকর্ড গড়েছেন আদিবাসী সন্তান বীর কুমার তঞ্চঙ্গ্যা। তিনিই এই তিনটি পাস সাইকেল অভিযানের মাধ্যমে জয় করা প্রথম আদিবাসী এবং একমাত্র বাংলাদেশি সাইক্লিস্ট তিনি।
‘Sea to Himalayas – Expedition For Awareness’ শীর্ষক অভিযানের অংশ হিসেবে দুর্গম ও উচ্চতাসম্পন্ন এসব পাসে সাইকেল নিয়ে অভিযানে যান বীর কুমার। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযানের শেষ ধাপ রেনজো লা পাস সামিটের তথ্য জানান তিনি। এর মধ্য দিয়ে এভারেস্ট অঞ্চলের তিনটি উচ্চতম পাসে তাঁর সাইকেল অভিযান সম্পন্ন হয়।
অভিযানের প্রথম ধাপে গত ২১ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৫৩৫ মিটার উচ্চতায় অবস্থিত কংমা লা পাস সামিট করেন বীর কুমার। ওই দিন দুপুর ১টা ৫৩ মিনিটে তিনি পাসটির চূড়ায় পৌঁছান।
এরপর গত ১ অক্টোবর ৫ হাজার ৪২০ মিটার উচ্চতার চো লা পাস সামিট করেন তিনি। দুপুর ১২টা ৩৩ মিনিটে চো লার চূড়ায় পৌঁছান বীর কুমার।
অভিযানের শেষ ধাপে মঙ্গলবার (৬ অক্টোবর) ৫ হাজার ৩৬০ মিটার উচ্চতার রেনজো লা পাস সামিট করেন তিনি। বিকেল ৪টা ২৬ মিনিটে রেনজো লার চূড়ায় পৌঁছানোর মধ্য দিয়ে তিনটি পাসের সাইকেল অভিযান সম্পন্ন করেন।
বীর কুমারের এই অভিযান শুধু দুর্গম পার্বত্য অঞ্চলে সাইক্লিংয়ের চ্যালেঞ্জ জয় নয়; এর সঙ্গে রয়েছে পরিবেশ ও সামাজিক সচেতনতার বার্তাও। তাঁর ‘Sea to Himalayas – Expedition For Awareness’ অভিযানের মূল বার্তা—‘Pedal For • Donate Blood • Climate Justice’। সাইক্লিংয়ের মাধ্যমে রক্তদান এবং জলবায়ু ন্যায্যতা বিষয়ে জনসচেতনতা তৈরি করাই এই অভিযানের অন্যতম লক্ষ্য।
কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠ থেকে শুরু করে হিমালয়ের পাঁচ হাজার মিটারের বেশি উচ্চতার তিনটি পাসে সাইকেল নিয়ে পৌঁছানোর এই অভিযান বাংলাদেশের সাইক্লিং অঙ্গনে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি দেশের আদিবাসী তরুণদের সক্ষমতা, সাহস ও বৈশ্বিক পরিসরে নিজেদের তুলে ধরার একটি দৃষ্টান্ত বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।


