ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকারের আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার আহবানঃ ঐক্য পরিষদের নেতারা

আইপিনিউজ বিডি, ২১ মে, ঢাকাঃ গতকাল ২০ মে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আলোচকবৃন্দ ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকারের আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার উপর জোর গুরুত্ব আরোপ করেছেন। তারা আশা প্রকাশ করেন যে, ইতিমধ্যে জাতীয়ভাবে উত্থাপিত সংখ্যালঘুদের ৮ দফা দাবি পূরণে সরকার আন্তরিকভাবে সাথে এগিয়ে আসবেন।
প্রফেসর ড. নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্য অংশগ্রহণ করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, জয়ন্তী রায়, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, সাংবাদিক সন্তোষ শর্মা, রঞ্জন কর্মকার, অ্যাডভোকেট তাপস পাল, অতুল চন্দ্র মণ্ডল, কৃষ্ণ দাশ, শিমুল সাহা, দীপঙ্কর চন্দ্র শীল, জয়া ভট্টাচার্য, সুপ্রিয়া ভট্টাচার্য প্রমুখ। সভা পরিচালনা করেন মনীন্দ্র কুমার নাথ।
আলোচকবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত ৭২- এর গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক সংবিধান আজ বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন। ধর্মীয় সংখ্যালঘুরা দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে পরিণত হয়েছে। তারা বিভিন্নভাবে বৈষম্য ও নির্যাতনের শিকার। এ বৈষম্যর অবসানে আলোচনায় সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
