রাজনীতিবিদ রণেশ মৈত্রের প্রয়াণ

আইপিনিউজ ডেক্স(ঢাকা): ভাষাসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র মারা গেছেন। আজ সোমবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। রণেশ মৈত্র স্ত্রী পূরবী মৈত্র, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক রণেশ মৈত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক। রনেশ মৈত্র ঐক্য ন্যাপের সভাপতি মন্ডলীর সদস্য ছিলেন।
রণেশ মৈত্র এক ডজনেরও বেশি গ্রন্থের লেখক। তিনি ছাত্র ইউনিয়ন ও ন্যাশনাল আওয়ামী পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, তাঁতি অধিকার প্রতিষ্ঠা, ঘুঘুদহ ও বিল কুড়ানিয়ার খেতমজুরদের আন্দোলনসহ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকও ছিলেন তিনি।
সম্মিলিত সামাজিক আন্দোলনের শোক: রনেশ মৈত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ।
তিনি শোকার্ত পরিবার পরিজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। আজ এক শোক বার্তায় তিনি এই শোক জানান।


