মধুপুরে গারো তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত, সভাপতি লিয়াং রিছিল ও সাধারণ সম্পাদক ব্রুলিন দফো নির্বাচিত

আইপিনিউজ বিডি, ২৩ অক্টোবর ২০২৬, টাঙ্গাইলঃ আজ ২৩ অক্টোবর শুক্রবার টাঙ্গাইলের মধুপুরে ‘গারো তারুণ্যের সমাবেশ ও কাউন্সিল-২০২৬’- অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এ সমাবেশে পাহাড় থেকে সমতল অঞ্চলের আদিবাসীদের অস্তিত্ব রক্ষা ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। একই সঙ্গে আদিবাসীদের ভূমি ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
গারো স্টুডেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক লিয়াং রিছিলের সঞ্চালনায় এবং সংগঠনটির সভাপতি প্রলয় নকরেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলবার্ট ম্রং, কারিতাস বাংলাদেশের প্রোগ্রাম পরিচালক অপূর্ব ম্রং, কবি ও প্রাবন্ধিক পরাগ রিছিল ও লেবিসন স্কু, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি রিনা মুর্মু, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার সভাপতি কনেজ চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়া চাকমা। এ ছাড়া বিভিন্ন আদিবাসী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সভাপতি টনি ম্যাথিউ চিরান।
বক্তারা বলেন, সমতল ও পাহাড়ের আদিবাসীদের অস্তিত্ব, ভূমি ও অধিকার রক্ষার সংগ্রামকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। অতীতের লড়াই-সংগ্রামের ইতিহাস ও অভিজ্ঞতা ধারণ করে নতুন উদ্যমে সংঘবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আদিবাসীদের ভূমি ও অধিকার রক্ষায় দলমত-নির্বিশেষে প্রগতিশীল ব্যক্তিত্ব, ছাত্র সংগঠন ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের আদিবাসী তরুণ ও ছাত্রসমাজকে জাতির ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে গড়ে উঠতে হবে। নেতৃত্ব দেওয়ার যোগ্যতা, দায়িত্ববোধ ও সংগ্রামী চেতনা অর্জনের মাধ্যমে জাতির সামগ্রিক উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং অস্তিত্ব রক্ষার আন্দোলনে তরুণদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সমাবেশ শেষে গারো স্টুডেন্ট ফেডারেশনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। এতে লিয়াং রিছিল সভাপতি এবং ব্রুলিন দফো সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


