ঢাকাস্থ আদিবাসী ছাত্রাবাস আক্রমণঃ নিরাপত্তার ঝুঁকিতে পাহাড়ী শিক্ষার্থীরা
আইপিনিউজ ডেক্স(ঢাকা): সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পদত্যাগের পর পরই দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে বিভিন্ন থানা, সংখ্যালগুদের ঘর-বাড়ি এবং মন্দিরে হামলা করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। শেখ হাসিনার পদত্যাগের দিনই গত সোমবার (৫ আগষ্ট) ২.৩০ টার দিকে ঢাকার শ্যামলী শিশুমেলার বিপরীতে অবস্থিত ঢাকাস্থ আদিবাসী ছাত্রাবাস আক্রমণ করা হয়। এতে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় ঢাকাস্থ আদিবাসী ছাত্রাবাসের গেইট।
ছাত্রাবাসে থাকা কয়েকজন আদিবাসী শিক্ষার্থী আইপিনিউজকে জানিয়েছেন, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডাকে গণভবন ঘেরাও করা হয়। সেখানে অংশগ্রহণকৃত উশৃংখল জনতার আকস্মিক হামলায় ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ছাত্রবাসের গেইট ভেঙ্গে যায়।
রূপন ত্রিপুরা নামের এক আদিবাসী শিক্ষার্থী বলেন, শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে উৎসুক জনতা গণভবনের অভিমুখে যাত্রা করে। এমন সময় আদিবাসী ছাত্রাবাসে হঠাৎ আক্রমণ, ইট পাট পাটকেল নিক্ষেপ করে বসে কিছু উশৃংখল যুবক।যার ফলে গেইটের একটা অংশ ভেঙে যায়।পরে এটি ‘ঢাকাস্থ আদিবাসী ছা্ত্রাবাস’ বলার পরেই স্থানীয় লোকজনের সহযোগিতায় কোনোরকমে আক্রমণ থামানো হয়।

এদিকে রুরিং পায়া ম্রো নামের এক শিক্ষার্থী বলেন, সেদিন আমাদের ছাত্রাবাসের পাশেই অবস্থিত তেজগাঁও উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে আগুন দেয়া হয়। কমিশনারের কার্যালয়টি আমাদের ছাত্রবাসের পাশেই অবস্থিত হওয়ায় আগুনের শিখা আমাদের ছাত্রবাসেও লাগার উপক্রম হয়। পরে আমরা কোনোমতে সেটি রক্ষা করি।
এদিকে ছাত্রাবাসের প্রবেশ গেইটটি ভেঙে ফেলার কথা জানিয়ে ছাত্রাবাসের সিনিয়র আবাসিক শিক্ষার্থী জগদীশ চাকমা বলেন, বর্তমানে দেশের সামগ্রিক পরিস্থিতি তথা আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতির ফলে ঢাকা শহরে ব্যাপক লুটপাট এবং হামলার ঘটনা প্রত্যক্ষ করা যাচ্ছে। অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনাও লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। যার ফলে ছাত্রাবাসের গেইট ভেঙে যাওয়ায় ছাত্ররা নিরাপত্তাহীনতার মধ্যে আছে। আমরা চরম অনিরাপত্তার মধ্যে দিন যাপন করছি।
তিনি আরো বলেন, ছাত্রাবাসে অবস্থানরত ছাত্রদেরকে এখন সারারাত পালাক্রমে পাহাড়া দিতে হচ্ছে। চারিদিকে লুটপাটের ঘটনা শোনার পর আমরা আতঙ্কের মধ্যে দিয়ে দিনযাপন করছি। কারণ হোস্টেলের নিরাপত্তা বেষ্টনি ভেঙ্গে যাওয়ায় অবস্থানরত ছাত্ররা এখন অরক্ষিত অবস্থায় রয়েছে। এই গেইট ও দেওয়াল মেরামত করতে কমপক্ষে ত্রিশ হাজার টাকা প্রয়োজন পড়বে।
উল্লেখ্য ঢাকার শ্যামলী শিশুমেলার বিপরীতে অবস্থিত উক্ত আদিবাসী ছাত্রবাসে প্রায় অর্ধশতের কাছাকাছি পাহাড়ী শিক্ষার্থী অবস্থান করে।


