আগামী ২০ মে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের গৌরবময় ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হতে যাচ্ছে

আইপিনিউজ বিডি, ১৪ মে, জাতীয় সংবাদঃ আগামী ২০ মে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩০ তম কেন্দ্রীয় কাউঞ্চিল উপলক্ষে রাঙ্গামাটিতে ছাত্র ও জনমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে তিন পার্বত্য জেলা, মহানগর, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে গণসংযোগ করা হচ্ছে।
আগামী ২০ মে’র কর্মসূচিকে সফল করার লক্ষ্যে সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছেন। ইতোমধ্যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা, মহানগরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজার এলাকা ও জনসমাগমস্থলে প্রচারপত্র বিতরণ, মতবিনিময় সভা ও গণসংযোগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, ভূমির অধিকার এবং মর্যাদাপূর্ণ অস্তিত্ব রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাহাড়ী ছাত্র পরিষদ কেবল একটি ছাত্র সংগঠন নয়, বরং পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত জুম্ম জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাসে সংগঠনটি বহু ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে আজকের অবস্থানে পৌঁছেছে। আসন্ন কেন্দ্রীয় কাউঞ্চিলে নতুন নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, জুম্ম জনগণের অধিকার আদায়ের আন্দোলন এবং পার্বত্য চট্টগ্রামের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহ শুভেচ্ছা ও সংহতি প্রকাশ করেছেন।
উল্লেখ্য যে, ১৯৮৯ সালের ৪ মে সংঘটিত লংগদু গণহত্যা পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের ইতিহাসে এক নির্মম ও বেদনাদায়ক অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে। সেই লংগদু গণহত্যার প্রতিবাদ এবং পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত জুম্ম জনগণের অধিকার রক্ষার আন্দোলনকে সংগঠিত করার প্রয়োজনীয়তা থেকেই ১৯৮৯ সালে ২০ মে ঢাকায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের জন্ম হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার, ন্যায়বিচার, ভূমির অধিকার এবং রাজনৈতিক মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।


