জাতীয়মানবাধিকার

স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ‘কেউ আদিবাসী নয়’ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে আদিবাসী ছাত্র পরিষদের

আইপিনিউজ বিডি, ১৩ আগস্ট, ২০২৬, উত্তরবঙ্গ প্রতিনিধিঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন “বাংলাদেশে আদিবাসী গোষ্ঠী নেই” ও “বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী শব্দটি অপ্রাসঙ্গিক” বক্ত্যব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে আদিবাসী ছাত্র পরিষদ।

বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি অনিল উরাও ও সাধারণ সম্পাদক শীত কুমার উরাং বলেন, বাংলাদেশ একটি জাতি, ধর্ম, বর্ণ, ভাষা বৈচিত্রের দেশ। সকলেই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশী। সমতলের সাঁওতাল, মুন্ডা, ওরাঁও, বেদিয়া (মাহাতো), কুর্মি (মাহাতো), রাজোয়ার, তুরি, লোহার, মালো, পাহাড়িয়া/মালপাহাড়িয়া, গন্ড, ভূমিজ, বাগদি, মাহালী, মুসহর, কোল, ভুঁইমালি, বড়াইক, কোচ, তেলী, গড়াইত, নুনিয়া, ভুঁইয়া, রবিদাস, রাজভরসহ অন্যান্য জাতিসত্তাগুলো নিজেদের পরিচয় হিসেবে ‘আদিবাসী’ প্রত্যয়টি বহু আগে থেকেই ব্যবহার করে আসছে, যা সামাজিকভাবে স্বীকৃত ও গ্রহণযোগ্য। স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী তাদের বক্তব্যের মাধ্যমে আদিবাসীদের জাতিগত পরিচয়কে অস্বীকার ও অসম্মান করেছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এমন মন্তব্য জনগনের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে। সকল জাতিসত্তার জন্য বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সংবিধান সংশোধন করে আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব।

উল্লেখ্য, গত ১১ আগস্ট (মঙ্গলবার) ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশের জন্য আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়; সাংবিধানিকভাবে সকলের পরিচয় একটাই—’বাংলাদেশী’ ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের একটিই মূল পরিচয়-আমরা সবাই ‘বাংলাদেশী’। এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই; আমরা সবাই বাংলাদেশের ‘অধিবাসী’। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ‘আদিবাসী’ শব্দটি অপ্রাসঙ্গিক।

Back to top button