জাতীয়
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে হরতাল

বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি ও চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে হরতাল পালন করেছে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। হরতালে বিএনপি পূর্ণ সমর্থন দিয়েছে।
গত ২৩ নভেম্বর এ হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
হরতাল চলাকালে সকাল ৮টার দিকে শাহবাগ থেকে একটি মিছিল বের করেন বাম নেতারা। মিছিলটি মৎস্য ভবন, প্রেসক্লাব, পুরাতন পল্টন, বায়তুল মোকাররম গেট থেকে ঘুরে কাকরাইল হয়ে আবার প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ দিকে হরতালে যাতে কোনও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্য রাজধানীর বিভিন্ন রাস্তায় পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একাধিক বাম নেতাকে গ্রেফতারের খবর পাওয়া গেছে।


