পার্বত্য চুক্তির ২৯তম বর্ষপূর্তিতে পিসিজেএসএসের নানা কর্মসূচি ঘোষণা

আইপিনিউজ বিডি, ২৫ নভেম্বর ২০২৬, ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৯তম বর্ষপূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রামসহ ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)। আগামী ২ ডিসেম্বর ২০২৬, বুধবার চুক্তির ২৯ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে চুক্তি বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা, গণসমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের দ্বিতীয় তলার সেমিনার কক্ষে ‘আলোচনা সভা’ অনুষ্ঠিত হবে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলুন’।
অন্যদিকে, একই দিন রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৯তম বর্ষপূর্তি উপলক্ষে গণসমাবেশের আয়োজন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে আয়োজিত এ গণসমাবেশে যোগ দিতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। রাঙামাটি শহরের কুমার সমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়াও চট্টগ্রাম, বান্দরবান ও খাগড়াছড়িতে গনসমাবেশের আয়োজন করা হয়েছে।

গণসমাবেশের প্রধান দাবি হিসেবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নসহ আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠায় বৃহত্তর আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি চুক্তি বাস্তবায়নে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে দীর্ঘ দুই দশকের সংঘাত অবসানের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, রাজনৈতিক ও প্রশাসনিক অধিকার নিশ্চিতকরণ এবং অঞ্চলের বিশেষ শাসনব্যবস্থার স্বীকৃতির পথ তৈরি হয়।
তবে চুক্তি স্বাক্ষরের প্রায় ২৯ বছর অতিবাহিত হলেও এর মৌলিক ধারাগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংগঠন। চুক্তির অবাস্তবায়িত ধারাগুলো দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন, সভা-সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে।


