জাতীয়

বাংলাদেশ আদিবাসী ফোরামের ৬ষ্ঠ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত, অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আইপিনিউজ বিডি, ২০ নভেম্বর ২০২৬, ঢাকাঃ আজ ২০ নভেম্বর ২০২৬ “সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন এবং পার্বত্য চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করুন” স্লোগানে ঢাকাস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ আদিবাসী ফোরামের ৬ষ্ঠ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আদিবাসী ফোরামের ক্রীড়া ও শিক্ষা বিষয়ক সম্পাদক উজ্জ্বল আজিম ও নারী বিষয়ক সম্পাদক ফাল্গুনী ত্রিপুরা’র সঞ্চালনায় এবং সহ-সভাপতি অজয় এ মৃ’র সভাপতিত্বে অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মানবাধিকার কর্মী ও এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, ট্রানফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ আদিবাসী ফোরামের কার্যকরী সদস্য ও এশিয়া ইন্ডিজিনাস পিপলস প্যাক্ট (এআইপিপি)-এর সেক্রেটারি জেনারেল পল্লব চাকমা, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ও আদিবাসী নেতা ফিলিমন বাস্কে, বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফ্লোরা বাবলী তালাং প্রমুখ। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।

জাতীয় সঙ্গীত ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষনা করা হয়। উদ্বোধনের পরে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সকল বীর শহীদদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠ করা হয়। শোক প্রস্তাব পাঠ করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ডা. গজেন্দ্রনাথ মাহাতো ।

স্বাগত বক্তব্যে সঞ্জীব দ্রং বলেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম বিগত ২৫ বছর ধরে আদিবাসীদের অধিকার আদায়ের লড়াই সংগ্রাম করে যাচ্ছে। সে লড়াইয়ে অনেক বাঙ্গালি প্রগতিশীল বন্ধুও সম্পৃক্ত হয়েছেন। তিনি বলেন, দীর্ঘ এ সময়ে উল্লেখযোগ্য কিছু অর্জন না হলেও পাহাড় এবং সমতলের আদিবাসীদের মধ্যে এক গভীর সম্পর্ক তৈরী হয়েছে। দেশের প্রগতিশীল, মানবাধিকারকর্মী, এনজিওকর্মীরা আমাদের আন্দোলনের সাথে সামিল হয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অধিকারের কথা উচ্চারিত হয়েছে। জাতীয় রাজনৈতিক দলগুলোর ইশতেহারে আদিবাসী মানুষের কথা লেখা হয়েছে। এই অর্জনগুলোকে ইতিবাচকভাবে দেখতে হবে। তিনি বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার উদাহরণ দিয়ে বলেন, আমাদের হতাশ হওয়া যাবে না। আমাদের আরো অনেকদূর এগিয়ে যেতে হবে। আদিবাসীদের লড়াই সংগ্রামকে এগিয়ে নিতে আদিবাসী তরুণদের দায়িত্ব নিতে হবে। তিনি আরো বলেন, আমরা নতুন করে স্বপ্ন দেখতে চাই। এক নতুন বাংলাদেশের স্বপ্ন যে বাংলাদেশে বাঙালী ও আদিবাসীরা একসাথে হাতে হাত ও কাঁধে কাঁধ রেখে মানবিক, কল্যাণকর একটি রাষ্ট্র গঠন করবে।

পল্লব চাকমা বলেন, পাহাড় ও সমতলের আদিবাসীদের অধিকার আদায়ের আন্দোলনকে শক্তিশালী করতে বাংলাদেশ আদিবাসী ফোরাম গঠিত হয়েছে। দীর্ঘ ২৫ বছর ধরে সংগঠনটি এ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এশিয়ার বিভিন্ন দেশে আদিবাসীদের বিশেষ অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশেও সরকারের ঘোষিত ‘রেইনবো নেশন’ ধারণাকে ইতিবাচকভাবে দেখতে চান। তিনি পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে রাজনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবি জানান। একই সঙ্গে সেনা শাসনের অবসান, গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে সরকারের সঙ্গে ধারাবাহিক আলোচনার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, সাঁওতাল বিদ্রোহ, তেভাগা আন্দোলনসহ এ অঞ্চলের বিভিন্ন সংগ্রামে আদিবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অথচ পাহাড় ও সমতলের আদিবাসীরা এখনো নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের শিকার। তিনি বলেন, অধিকার আদায়ে আন্দোলনের কোনো বিকল্প নেই এবং এ সংগ্রামে বামপন্থী দলগুলো সবসময় আদিবাসীদের পাশে থাকবে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, আদিবাসীদের অধিকার হরণ, ভূমি দখল ও পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সমস্যার সামরিকীকরণের পেছনে রাষ্ট্রীয়, আমলাতান্ত্রিক ও সামরিক ক্ষমতার অপব্যবহার দায়ী। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সামরিকীকরণের পরিবর্তে রাজনৈতিক সমাধান প্রয়োজন। দেশের সব ইতিবাচক অর্জনে আদিবাসীদের অবদান থাকলেও অর্জনের সুফল থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। এ মানসিকতার পরিবর্তন ছাড়া সবার অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।

রাজেকুজ্জামান রতন বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে আদিবাসীরা একই দাবিতে আন্দোলন করলেও রাষ্ট্র তাদের উপেক্ষা করে আসছে। তাই নবীনদের উদ্যম ও প্রবীণদের অভিজ্ঞতার সমন্বয়ে আন্দোলন আরও বেগবান করতে হবে। ধর্ম-বর্ণের বিভাজন ভুলে গণতান্ত্রিক ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

শামসুল হুদা বলেন, বিশ্বের বন, ভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণে আদিবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই আদিবাসীদের অধিকার ও অস্তিত্ব রক্ষার আন্দোলন সবার আন্দোলন। তিনি সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি প্রদান এবং সংবিধান সংস্কার কমিটিকে আদিবাসীদের বক্তব্য ও দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

সুব্রত চৌধুরী বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমার স্বপ্নের অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার আগে আদিবাসীদের অধিকারের কথা বললেও ক্ষমতায় গিয়ে তা বাস্তবায়ন করে না। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না করে চুক্তিবিরোধী বিভিন্ন কমিটি গঠন করা অন্তর্ঘাতমূলক উদ্যোগ। তিনি চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির ওপর গুরুত্বারোপ করেন।

ফিলিমন বাস্কে বলেন, গাইবান্ধা, দিনাজপুর, রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসীদের উপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে। কিন্তু সে সকল ঘটনাগুলোর সুষ্ঠু ও যথাযথ বিচার হচ্ছে না। তিনি আদিবাসীদের অধিকার আদায়ের সংগ্রামে দেশের সকল প্রগতিশীল মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।

ফ্লোরা বাবলী তালাং বলেন, আদিবাসীদের অধিকার আদায়ের লড়াইকে এগিয়ে নিতে আমাদেরকে নতুন করে কাজ শুরু করতে হবে। বিশেষ করে আঞ্চলিক পর্যায়ের আদিবাসী ফোরামের নেতৃবৃন্দকে নতুন উদ্যোমে কাজ করতে হবে। মানবাধিকার সংগঠন, প্রগতিশীল সংগঠনগুলোর সাথে সম্পর্ক সুদৃঢ় করতে হবে। এ সংগ্রামকে এগিয়ে নিতে প্রবীনদের অভিজ্ঞতার সাথে তরুণদের উদ্যমকে একিভূত করতে হবে।

বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির তথ্য ও প্রচার সম্পাদক হিরণ মিত্র চাকমা। লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসীরা প্রতিনিয়ত ভূমি দখল, উচ্ছেদ, বন মামলা, সহিংসতা ও নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৯ বছর অতিক্রান্ত হলেও রাষ্ট্র এখনো চুক্তি বাস্তবায়ন করেনি; বরং জুম্ম জনগণের অধিকার নস্যাৎ করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। অন্যদিকে আদিবাসী নারীরা নানা ধরনের নিপীড়ন ও সহিংসতার শিকার হচ্ছেন এবং তরুণ সমাজ অনিশ্চিত ভবিষ্যতের কারণে হতাশাগ্রস্ত ও দিশাহীন হয়ে পড়ছে।

তিনি আরও বলেন, আদিবাসীরা আজ নিজভূমে পরবাসী, অধিকারহীন ও অভিভাবকহীন। এ পরিস্থিতি মোকাবিলায় আদিবাসীদের ঐক্যবদ্ধ হয়ে প্রগতিশীল নেতৃত্বের মাধ্যমে অধিকার আদায়ের আন্দোলন এগিয়ে নিতে হবে। অতীতের আদিবাসী নেতাদের সংগ্রাম থেকে অনুপ্রেরণা নিয়ে তরুণদের এ লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পরিশেষে বাংলাদেশ আদিবাসী ফোরামের ৬ষ্ঠ জাতীয় সম্মেলনের সফলতা কামনা করে সংগঠনটিকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে অজয় এ মৃ বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের নিরাশ হওয়া যাবে না। আমাদের এ লড়াইয়ে দেশের প্রগতিশীল ও মানবতাবাদী মানুষেরা সাথে রয়েছেন। দেশের আদিবাসীদের অধিকার আদায়ের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ আদিবাসী ফোরাম গঠন করা হয়েছে। সে লড়াইকে এগিয়ে নিতে আদিবাসী তরুণ নেতৃত্বকে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, দেশের ঐতিহাসিক সকল অর্জনের সন্ধিক্ষণে আদিবাসীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে। কিন্তু তাদের অধিকারের প্রশ্নে সবসময় উপেক্ষিত থেকে গেছে। তিনি সম্মেলনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

জাতীয় সম্মেলন থেকে নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করা হয়-

১. আত্মনিয়ন্ত্রণাধিকারসহ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।
২. আদিবাসীদের রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক ও ভূমির অধিকার নিশ্চিত করতে হবে।
৩. আদিবাসী নারীদের উপর সংঘটিত সকল মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার নিশ্চিত করে সকল আদিবাসী নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। এ লক্ষ্যে সময়সূচি ভিত্তিক রোডম্যাপ ঘোষণা ও ভূমি কমিশন আইন অবিলম্বে কার্যকর করতে হবে।
৫. সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমিক কমিশন গঠন করতে হবে।
৬. আদিবাসীদের ভূমিতে স্বাধীন ও পূর্ব সম্মতি ছাড়া ইকো পার্ক, সামাজিক বনায়ন, ট্যুরিজম, ইপিজেড বা অন্য কোন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা চলবে না।
৭. আদিবাসীদের উপর সকল নিপীড়ন-নির্যাতন বন্ধ করাসহ সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
৮. জাতিসংঘ সাধারণ পরিষদে ২০০৭ সালে গৃহিত আদিবাসী বিষয়ক ঘোষণাপত্র ও আইএলও ১৬৯ নং কনভেনশন অনুসমর্থন ও আইএলও কনভেনশন ১০৭ বাস্তবায়ন করতে হবে।
৯. জাতীয় সংসদের আদিবাসীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্ধ রাখতে হবে।
১০. প্রথম ও দ্বিতীয় শ্রেণিসহ সকল চাকরিতে আদিবাসী কোটা সংরক্ষণ করতে হবে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য পাঁচ শতাংশ আদিবাসী কোটার প্রয়োগ যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

বাংলাদেশ আদিবাসী ফোরামের দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া ৬ষ্ঠ জাতীয় সম্মেলনের আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন গানের দল মাদল, ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদসহ বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক দল।

Back to top button