শেরপুরে জমি বিরোধের জেরে আদিবাসী নারীকে মারধরের অভিযোগ

আইপিনিউজ বিডি, ১৮ আগস্ট, ২০২৬, শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পশ্চিম গজারীকুড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে টিয়া চাম্বুগং নামে এক আদিবাসী নারীকে মারধর ও কামড়ে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, টিয়া চাম্বুগং তার আত্মীয়দের নিয়ে একটি জমিতে ধান রোপণ করছিলেন। ধানের চারা রোপণের কাজ প্রায় অর্ধেক শেষ হওয়ার পর বুদু মিয়া ও তার স্ত্রী সেখানে গিয়ে টিয়া চাম্বুগংয়ের ওপর হামলা করেন। এ সময় তাকে লাঠি দিয়ে মারধর এবং গালে কামড় দিয়ে আহত করা হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ঘটনার পর টিয়া চাম্বুগং ও তার পরিবারের সদস্যরা ঝিনাইগাতী থানায় অভিযোগ করতে যান। পরে পুলিশ উভয় পক্ষকে থানায় ডেকে বিষয়টি মীমাংসা করে দেয় বলে জানা গেছে।
এদিকে, সাম্প্রতিক সময়ে পূর্ব গজারীকুড়া এলাকায় এক বাঙালি ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী পরিবারগুলোর ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের পর নতুন করে পশ্চিম গজারীকুড়ায় আদিবাসী নারীকে মারধরের ঘটনায় স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, একটি বিচ্ছিন্ন ঘটনা যেন বৃহত্তর সাম্প্রদায়িক উত্তেজনা বা দুই সম্প্রদায়ের মধ্যে নতুন করে সংঘাতের কারণ না হয়, সে বিষয়ে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধসহ যেকোনো অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ সমাধানের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের আশঙ্কা, একটি ঘটনার পর আরেকটি ঘটনা ঘটতে থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই ভবিষ্যতে কোনো গ্রাম বা জনগোষ্ঠী যেন হামলা, হয়রানি কিংবা প্রতিশোধমূলক কর্মকাণ্ডের শিকার না হয়, সে জন্য প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


