জাতীয়

রঞ্জন কর্মকারের স্মরণসভায় গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান

আইপিনিউজ বিডি, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা প্রতিনিধিঃ বিশিষ্ট মানবাধিকারকর্মী ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত রঞ্জন কর্মকারের স্মরণসভায় গণতন্ত্র, মানবাধিকার ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে রাজধানীর পল্টন টাওয়ারের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের অন্যতম সভাপতি নির্মল রোজারিও সভায় সভাপতিত্ব করেন।
সভায় প্রয়াত রঞ্জন কর্মকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্বালন করা হয়। পরে উপস্থিত সবাই এক মিনিট দাঁড়িয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দিপংকর ঘোষ।

স্মরণসভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “যে স্বপ্ন আমরা দেখেছি, সেটা হারিয়ে গেছে—এটা বিশ্বাস করতে চাই না।” তিনি ৫ আগস্টের পর দক্ষিণপন্থীদের দাপট চলমান রয়েছে বলেও মন্তব্য করেন।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ড. ফওজিয়া মোসলেম বলেন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সাম্য ও প্রগতিশীল রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যাওয়ার এখনই সময়।

গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রয়াত রঞ্জন কর্মকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ছাত্রজীবন থেকে মৃত্যু পর্যন্ত রঞ্জন কর্মকার একনিষ্ঠভাবে স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন।

স্মরণসভায় বক্তারা বলেন, গণতন্ত্র, মানবাধিকার, অসাম্প্রদায়িকতা ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে রঞ্জন কর্মকারের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও আন্দোলনের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন, নারী মুক্তিযোদ্ধা জয়তী রায়সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রয়াত রঞ্জন কর্মকারের সহযোদ্ধা, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

Back to top button