বিশেষ প্রতিবেদন

রাজশাহীর তানোরে আদিবাসী কিশোরী ধর্ষণ: ধর্ষক ফাদারের সর্বোচ্চ শাস্তির দাবিতে জাবিতে মানববন্ধন

আইপিনিউজ বিডি, ১৩ জুলাই, ২০২৬, ঢাকাঃ ২০২০ সালে রাজশাহীর তানোরের মুণ্ডুমালা মিশনে এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফাদার গ্রেগরির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা।
গতকাল (১২ জুলাই) এই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এক মানববন্ধনের আয়োজন করে ‘ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন,জাবি’।

১১ জুলাই বিকেল ৪টায় আয়োজিত এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আদিবাসী শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘আরফি’র সভাপতি সোমা ডুমুরি।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক রেংথি ম্রো বলেন, “মুণ্ডুমালা মিশনে ফাদার গ্রেগরি কর্তৃক আদিবাসী কিশোরীকে ধর্ষণের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় ও জঘন্য। আমরা জাহাঙ্গীরনগর আদিবাসী ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি করছি। একই সাথে বাংলাদেশে আর কোনো আদিবাসী বা বাঙালি নারী যেন এভাবে নির্যাতনের শিকার না হয়, সেজন্য সরকারকে স্থায়ী ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।”

​সংগঠনের সহ-সভাপতি লা পল কড়া তাঁর বক্তব্যে বলেন, “দেশে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা বাড়ছে এবং অনেক সময় রায় হওয়ার আগেই প্রভাব খাটিয়ে তথ্য-প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়। আমাদের সমাজে বিশেষ করে সংখ্যালঘু ও আদিবাসী নারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমনকি ঘরের বাইরে বের হতেও তারা ভয় পান। আমরা চাই এই মামলার রায়ে যেন কোনো ধরনের পক্ষপাতিত্ব না হয় এবং ধর্ষক ফাদার গ্রেগরির দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।”

​মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আদিবাসী ও সংখ্যালঘু নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ধর্ষণের ঘটনায় ন্যায্য বিচার প্রতিষ্ঠায় তারা প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি পালন করবেন।

Back to top button