কল্পনা অপহরণের ২৭ বছরঃ ন্যায়বিচারের দাবিতে আগামীকাল শাহবাগে সংহতি সমাবেশ

আইপিনিউজ ডেক্স(ঢাকা): আগামীকাল (১২ জুন) সোমবার, হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহরণের ২৭ বছর। আলোচিত এই ঘটনার বিচার আধো হয়নি। এই ঘটনার তদন্ত প্রকাশ ও ন্যায়বিচারের দাবিতে আগামীকাল শাহবাগে সংহতি সমাবেশের আয়োজন করেছে আদিবাসী নারী, ছাত্র ও যুব সংগঠনসমূহ। আগামীকাল বিকাল ৩:০০টায় ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরের সম্মুখে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে আইপিনিউজকে জানিয়েছেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সমন্বয়কারী ফাল্গুনী ত্রিপুরা।
আয়োজকরা জানিয়েছেন উক্ত সংহতি সমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. খায়রুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক নজরুল কবীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. স্নিগ্ধা রেজোয়ানা ও বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় নেত্রী মেইনথিন প্রমিলা প্রমুখ। এছাড়াও দেশের বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন আয়োজকরা।


