পার্বত্য বৌদ্ধ মিশনের প্রতিষ্ঠাতা ভদন্ত সুমনালংকার মহাথেরের মহাপ্রয়াণ

আইপিনিউজ বিডি, ১২ সেপ্টেম্বর ২০২৬, খাগড়াছড়িঃ পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত সুমনালংকার মহাথের পরলোকগমন করেছেন। আজ শনিবার ভোর ৪টার দিকে খাগড়াছড়ির কমলছড়িতে তাঁর দীর্ঘদিনের সাধনাভূমি পার্বত্য বৌদ্ধ মিশনে তিনি মহাপ্রয়াণ লাভ করেন। মৃত্যুকালে তিনি বৌদ্ধ ধর্মীয় ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ বর্ষীয়ান সংঘ সদস্য হিসেবে সক্রিয় ছিলেন।
তাঁর মহাপ্রয়াণে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ একজন নিবেদিতপ্রাণ ও বর্ষীয়ান সংঘ সদস্যকে হারিয়েছে। তাঁর প্রয়াণে পার্বত্য বৌদ্ধ সমাজ ও অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের পক্ষ থেকে প্রয়াত ভান্তের নৈর্বাণিক সুখ কামনা করে পুণ্যদান করা হয়েছে।
ভদন্ত সুমনালংকার মহাথের রাঙামাটি জেলার লংগদু উপজেলাধীন তিনটিলা গ্রামে আনুমানিক ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন। তাঁর গৃহী নাম ছিল অশীম কুমার তালুকদার। তাঁর পিতা ধীরেন্দ্র লাল তালুকদার এবং মাতা শশী প্রভা দেওয়ান।
ধর্মীয় জীবনে প্রবেশের লক্ষ্যে ১৯৭৩ সালে তিনি তিনটিলা বনবিহারে সাধকপ্রবর প্রয়াত শ্রদ্ধেয় ভদন্ত সাধনানন্দ মহাথের (বনভান্তে)-এর নিকট শ্রামণ্য ধর্মে দীক্ষিত হন। পরবর্তীতে বৌদ্ধ ধর্মীয় শিক্ষায় উচ্চতর জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ১৯৭৫ সালে মিয়ানমারে যান। একই বছর পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাজগুরু শ্রদ্ধেয় ভদন্ত অগ্রবংশ ভান্তের নিকট শ্রামণ্য ধর্মে দীক্ষা গ্রহণ করেন এবং উপসম্পদা লাভ করেন।
মিয়ানমারে ধর্মীয় শিক্ষা গ্রহণ শেষে দেশে ফিরে ভদন্ত সুমনালংকার মহাথের পার্বত্য অঞ্চলে বৌদ্ধ ধর্মীয় শিক্ষা, সাধনা ও মানবকল্যাণমূলক কার্যক্রমে নিজেকে নিয়োজিত করেন। এরই ধারাবাহিকতায় ১৯৮৩ সালে খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি গ্রামে তিনি পার্বত্য বৌদ্ধ মিশন (পিবিএম) প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এই প্রতিষ্ঠানটি পার্বত্য অঞ্চলে বৌদ্ধ ধর্মীয় শিক্ষা, সাধনা ও ধর্মীয় চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।
পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা ছিল। তিনি সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ধর্মীয় জীবন, সংঘের সাংগঠনিক কর্মকাণ্ড এবং পার্বত্য অঞ্চলের বৌদ্ধ সমাজে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মহাপ্রয়াণে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ ও পার্বত্য বৌদ্ধ সমাজ গভীরভাবে শোকাহত। তাঁর আত্মীয়-স্বজন, শিষ্য, ভক্ত ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী প্রয়াত ভদন্ত সুমনালংকার মহাথেরের নৈর্বাণিক সুখ কামনা করা হয়েছে।


