আন্তর্জাতিক

জাতিসংঘের সংখ্যালঘুবিষয়ক ফোরামে বাংলাদেশের ধর্মীয় ও আদিবাসী সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ

আইপিনিউজ বিডি, ২৮ নভেম্বর ২০২৬, আন্তর্জাতিকঃ বাংলাদেশে ধর্মীয় ও আদিবাসী সংখ্যালঘুদের ওপর সহিংসতা, বৈষম্য ও ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।
বাংলাদেশের ধর্মীয় ও আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায়ের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি জাতিসংঘের সংখ্যালঘুবিষয়ক ফোরামের ১৯তম অধিবেশনে তুলে ধরা হয়েছে। গত ২৬ ও ২৭ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এ অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অধিবেশনে বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত নিপীড়ন, সাম্প্রদায়িক সহিংসতা, বৈষম্য এবং ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার বিভিন্ন অভিযোগ আন্তর্জাতিক মহলের নজরে আনা হয়।

এ উপলক্ষে ব্যুরো অব হিউম্যান রাইটস অ্যান্ড জাস্টিস (BHRJ) এবং অন্যান্য মানবাধিকার ও কমিউনিটি সংগঠনের উদ্যোগে জেনেভায় জাতিসংঘ কার্যালয়ের সামনে অবস্থিত ঐতিহাসিক ‘ব্রোকেন চেয়ার’ ভাস্কর্যের সামনে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে আটক হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর অবিলম্বে মুক্তির দাবিও জানানো হয়।

ফোরামে অংশ নিয়ে ব্যুরো অব হিউম্যান রাইটস অ্যান্ড জাস্টিসের (BHRJ) সভাপতি দিপন মিত্র বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের ওপর চলমান সহিংসতা ও নিরাপত্তাহীনতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা বন্ধ, সহিংসতার ঘটনাগুলোর স্বাধীন তদন্ত এবং সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় কার্যকর আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

BHRJ-এর দাখিল করা তথ্যের বরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অন্তত ২ হাজার ১৩৪টি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় ২৯৬ জন নিহত এবং ১০৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়। এ ছাড়া বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও তুলে ধরা হয়।
সংগঠনটি চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর আটক থাকার বিষয়েও উদ্বেগ জানিয়ে তাঁর মৌলিক অধিকার, যথাযথ আইনি প্রক্রিয়া এবং নিরপেক্ষ বিচারিক পর্যালোচনা নিশ্চিত করার দাবি জানায়।

অধিবেশনে BHRJ-এর প্রতিনিধি এমডি নিজামুদ্দিন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অ্যালগরিদমভিত্তিক বৈষম্যের কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সৃষ্ট ঝুঁকির বিষয়টি তুলে ধরেন।

তিনি নেদারল্যান্ডসের একটি ঘটনার উদাহরণ দিয়ে বলেন, সেখানে অ-ডাচ নাগরিকত্বকে একটি মানদণ্ড হিসেবে ব্যবহার করে একটি ডিজিটাল ব্যবস্থা হাজার হাজার সংখ্যালঘু পরিবারকে ভুলভাবে চিহ্নিত করেছিল, যার ফলে প্রায় ৪২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হন বলে তিনি উল্লেখ করেন।
তাঁর মতে, অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য বাস্তব জীবনে সহিংসতার পরিবেশ তৈরি করতে পারে। বিশেষ করে স্থানীয় ভাষায় বিদ্বেষমূলক বক্তব্য শনাক্ত ও নিয়ন্ত্রণে কনটেন্ট মডারেশন ব্যবস্থার ব্যর্থতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

অধিবেশনে অংশগ্রহণকারী সংগঠনগুলো বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ ও আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্য অবিলম্বে বন্ধে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। পাশাপাশি হামলার অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা সুরক্ষায় কার্যকর পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়।

ফোরামে অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল ব্যুরো অব হিউম্যান রাইটস অ্যান্ড জাস্টিস (BHRJ), কেয়ারস গ্লোবাল, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ (HRCBM), জাস্টিস মেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (JMBF), দলিত বাংলাদেশ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইউরোপ ও গ্লোবাল ডায়াসপোরা কমিউনিটি।

Back to top button