বিশেষ প্রতিবেদন

চবিতে মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩ তম প্রয়াণ দিবসে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত।

আইপিনিউজ বিডি, ১১ নভেম্বর ২০২৬, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ঃ “পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে ছাত্র-যুব সমাজ অধিকতর সামিল হোন” স্লোগানে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার মিলনায়তনে মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩ তম প্রয়াণ দিবসে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক প্রেনঙি ম্রোর সঞ্চালনায় ও সহ-সভাপতি এনতেস চাকমার সভাপতিত্ত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রিবেক চাকমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক জেস চাকমা, রঁদেভূ শিল্পীগোষ্ঠী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর সভাপতি জাল্লাং এনরিকো কুবি প্রমুখ।

আলোচনা সভার শুরুতে পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার লড়াই-সংগ্রাম পরিচালনা করতে গিয়ে মানবেন্দ্র নারায়ণ লারমা ও তাঁর আটজন সহযোদ্ধাসহ এযাবৎ যারা জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন সেই সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মানবেন্দ্র নারায়ণ লারমার জীবনবৃত্তান্ত পাঠ করেন রঁদেভূ শিল্পীগোষ্ঠীর সদস্য তারুমী চাকমা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পিসিপি,চবি শাখার সদস্য রাসেল চাকমা। সভায় উপস্থিত থেকে সংহতি বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল সংসদের সাবেক সদস্য সজীব কুমার তঞ্চঙ্গ্যা।

রিবেক চাকমা বলেন, জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের পথপ্রদর্শক এম এন লারমাকে নিয়ে পাহাড়ের তরুণ ছাত্র-যুব সমাজকে অধ্যয়ন করতে হবে। তাঁর নীতি, আদর্শ ও চেতনাকে ধারণ করে তাঁকে যাপন করতে হবে। প্রত্যেক জুম্ম তরুণকে লারমা হয়ে ওঠার প্রচেষ্টা রাখতে হবে। যে লারমা জীবনের সকল পর্যায়ে আত্মকেন্দ্রিকতা, সংকীর্ণ ও উগ্র জাতীয়তাবাদের উর্ধ্বে সমতা ও ন্যায্যতার কথা বলেছিলেন।

তিনি আরো বলেন, লারমার পাহাড়ের প্রান্তিক মানুষের অধিকার, স্বাতন্ত্র্যতা, পরিচয় এবং অস্তিত্ব টিকিয়ে রাখার যে সংগ্রাম সেটি বর্তমান সময়ে এসে আরো অধিকতর পর্যায়ে ছড়িয়ে দেয়ার প্রয়োজনীয়তা রয়েছে। পার্বত্য চট্টগ্রামের বাস্তবতায় শাসকগোষ্ঠীর আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আগ্রাসনের সামনে দাঁড়িয়ে জুম্ম জনগণের ক্রান্তিলগ্নে লারমার প্রদর্শিত পথই ছাত্র-যুবাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।

তিনি লারমার সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে ছাত্র সমাজকে জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করার উদাত্ত আহ্বান জানান।

জেস চাকমা বলেন, এম এন লারমা সংসদ ও সংসদের বাইরে সকল জনগোষ্ঠীর অস্তিত্বের কথা, নিপীড়িত ও বঞ্চিত মানুষের দুঃখের কথা জোরালোভাবে তুলে ধরেছিলেন। কিন্তু তাঁর চিন্তাভাবনা ও কার্যক্রমকে বাংলাদেশের উগ্র জাতীয়তাবাদী শাসকগোষ্ঠী কোনদিন মেনে নিতে পারেনি। তিনি একটি অসাম্প্রদায়িক শোষণ বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন যা আজও কোটি মানুষের আকাঙ্খার জায়গা।

তিনি আরো বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা ব্যতীত জুম্ম জনগণের কোন পথ খোলা নেই। আমাদের নৈতিক দায়িত্ব এম এন লারমার পদাঙ্ক অনুসরণ করে নিপীড়িত জুম্ম জনগণের জাতীয় অস্তিত্বের বাস্তবতায় লড়াইকে অধিকতর বেগবান করা।

জাল্লাং এনরিকো কুবি বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমার শিক্ষা গ্রহন করে গ্রামে ফিরে যাওয়ার মূলমন্ত্রকে ধারণ করে বর্তমান পাহাড়ের ছাত্র সমাজকে উচ্চতর জ্ঞান ও শিক্ষা গ্রহন করে নিজ শেকড়ে ফিরতে হবে। তাঁর প্রদর্শিত পথ ও চিন্তাকে গ্রহণ করে সমাজ ও জাতির অধিকার প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করতে হবে। বর্তমান বাস্তবতায় যখন পার্বত্য চট্টগ্রামের সমস্যা রাষ্ট্রীয় ষড়যন্ত্র ও অভ্যন্তরীণ বিভাজনে অনেক বেশি জটিল রূপ ধারণ করেছে আজ জুম্ম জাতীয় পরিচয়ের প্রবক্তা এম এন লারমা অনেক বেশি প্রাসঙ্গিক।

পরিশেষে অনুষ্ঠানের সভাপতি এনতেস চাকমার সমাপণী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রথম পর্ব সমাপ্ত হয়। আলোচনা সভা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘর প্রাঙ্গণে এম এন লারমা এবং তাঁর আটজন সহযোদ্ধাদের আত্মত্যাগের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

Back to top button