বিশেষ প্রতিবেদন

জুম্ম জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ছাড়া আন্দোলনে গতি আসবে নাঃ ঊষাতন তালুকদার

আইপিনিউজ বিডি, ১০ নভেম্বর ২০২৬, রাঙ্গামাটিঃ ১০ই নভেম্বর’ ৮৩ অমর হোক’, ‘জুম্ম স্বার্থ পরিপন্থী ও চুক্তি বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করুন’ – এই আহ্বানকে রেখে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে রাঙ্গামাটি শিল্পকলা একাডেমিতে বিপ্লবী মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস -২০২৬ উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল ৮:১৫ টায় রাঙ্গামাটি শিল্পকলা একাডেমী থেকে প্রভাতফেরী শুরু হয়ে বনরূপা পেট্রোল পাম্প ঘুরে এসে আবার শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন স্তরের মানুষ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এম এন লারমার অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানায়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য শ্রী গুনেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি ঊষাতন তালুকদার। আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমা, যুব প্রতিনিধি ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক রিনা চাকমা।
স্মরণ সভায় শোক প্রস্তাব পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য শ্রীমতি মনি চাকমা ও গিরিসুর শিল্পীগোষ্ঠীর সভাপতি শ্রীমতি জয়তী চাকমা ইনু। সভা সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটি শহর কমিটির সাধারণ সম্পাদক সাগর ত্রিপুরা নান্টু ও হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি কবিতা চাকমা। সভায় স্বাগত বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ছাত্র বিষয়ক সহ সম্পাদক জুয়েল চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে ঊষাতন তালুকদার বলেন, এম এন লারমা পাহাড়ের সমাজব্যবস্থাকে গভীরভাবে অনুধাবন করতে পেরেছিলেন। তিনি বুঝেছিলেন, এই পাহাড়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। পাহাড়, নদী, নালা, ঝরনা, বনভূমি ও প্রকৃতির সঙ্গে এখানকার মানুষের জীবনযাত্রা নিবিড়ভাবে জড়িত। আমাদের মানুষ কেন এত সহজ-সরল? এর পেছনেও রয়েছে এই সমাজের ঐতিহাসিক ও আর্থসামাজিক বাস্তবতা। দীর্ঘদিন ধরে মানুষ প্রকৃতির ওপর নির্ভর করে জীবনযাপন করেছে। বন থেকে ওষুধি গাছ সংগ্রহ করেছে, বিভিন্ন ধরনের শাকসবজি, মাছ, কাঁকড়া ও অন্যান্য প্রাকৃতিক খাদ্য সংগ্রহ করে জীবন ধারণ করেছে। জুমচাষ ও প্রকৃতিনির্ভর অর্থনীতিই ছিল জীবনযাপনের অন্যতম ভিত্তি। এখন বন সংরক্ষণের নামে যখন এমন বিধিনিষেধ আরোপের কথা বলা হচ্ছে, যেখানে মানুষের মাছ, কাঁকড়া কিংবা বনজ সম্পদ সংগ্রহের অধিকারও সংকুচিত হয়ে পড়ে, তখন প্রশ্ন ওঠে, এই মানুষগুলো বেঁচে থাকবে কীভাবে? যে প্রকৃতিকে ঘিরে তাদের জীবন, সংস্কৃতি ও খাদ্যাভ্যাস গড়ে উঠেছে, সেই প্রকৃতি থেকে তাদের বিচ্ছিন্ন করে দিলে তাদের অস্তিত্বই তো সংকটের মুখে পড়বে।
এই বাস্তবতাকে এম এন লারমা বুঝতে পেরেছিলেন। তিনি পাহাড়ের সমাজকে ব্যাখ্যা করতে পেরেছিলেন। তিনি বুঝেছিলেন, এই সমাজের বিকাশের পথে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলাতান্ত্রিক পুঁজিবাদী শক্তি প্রতিবন্ধক হিসেবে কাজ করছে। তাই তিনি শত্রু-মিত্র চিহ্নিত করে আন্দোলনের রণনীতি ও রণকৌশল নির্ধারণ করতে পেরেছিলেন। আমাদের সামনে একটি রাজনৈতিক দিকনির্দেশনা তুলে ধরেছিলেন।

তিনি আরও বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এই সংগ্রাম কেবল কোনো একটি শ্রেণির আন্দোলন নয়, এটি একটি জাতীয় মুক্তিসংগ্রাম। আর এই জাতীয় মুক্তিসংগ্রামে ধনী-গরিব, কৃষক-শ্রমিকসহ সমাজের সব দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। কিন্তু এই ঐক্য প্রতিষ্ঠা করাও সহজ ছিল না। কারণ আমাদের মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর অবস্থান রয়েছে। চাকমাদের যেমন নিজস্ব জাতিগত স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য রয়েছে, তেমনি ছোট জাতিগোষ্ঠীগুলোর মধ্যেও নিজস্ব পরিচয় ও জাতিগত স্বাতন্ত্র্য রক্ষার আকাঙ্ক্ষা রয়েছে।এই বৈচিত্র্য ও পারস্পরিক বৈপরীত্যকে কীভাবে একটি বৃহত্তর ঐক্যের জায়গায় নিয়ে আসা যায়, সেই রাজনৈতিক দিকনির্দেশনাই এম এন লারমা দিয়েছিলেন। সেই ঐক্যের ভিত্তি হলো জুম্ম জাতীয়তাবাদ।
জুম্ম জাতীয়তাবাদের মধ্য দিয়েই পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে একটি অভিন্ন জাতীয় পরিচয়, রাজনৈতিক চেতনা ও সংগ্রামী ঐক্য গড়ে তোলা সম্ভব। কিন্তু বন্ধুরা, আপনারাও বোঝেন, আপনারাও জানেন, এখনো পর্যন্ত জুম্ম জাতীয়তাবাদ আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়নি। যতক্ষণ পর্যন্ত জুম্ম জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলনের গতি সঞ্চার হবে না।

সাজেকে ইউপিডিএফের অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, সেনাবাহিনী নাকি চুক্তিপন্থী লোকজনকে সাজেকে নিয়ে গেছে। তাই চুক্তিপন্থী সশস্ত্র লোকজনকে সাজেক থেকে সরিয়ে নিতে হবে। এটি কেমন দাবি? একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে কোনো বেআইনি অস্ত্রধারী গোষ্ঠীরই অবৈধভাবে অবস্থান করার অধিকার নেই। তাহলে দাবি যদি হয়, সাজেকে কোনো অবৈধ অস্ত্রধারী থাকতে পারবে না, সেটি সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। কিন্তু দাবি করা হচ্ছে শুধু চুক্তিপন্থীদের সরিয়ে নিতে হবে। তাহলে ইউপিডিএফ কী করবে? তারা কি সাজেক এলাকাকে নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণাধীন এলাকা মনে করে? যেন সরকার তাদের কাছে সাজেকের জমিদারি ইজারা দিয়েছে, তারা থাকবে, আর অন্য কেউ সেখানে থাকতে পারবে না!

এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা বলেন, ৪৩ বছর ধরে জুম্ম জাতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে মানবেন্দ্র নারায়ণ লারমার প্রয়াণ দিবস পালন করে আসছে। ক্ষমতার লোভ ও অন্ধত্বের কারণে বিভেদপন্থী ঘাতকরা মহান এই নেতাকে হত্যা করেছিল। অথচ আজ আমাদের সমাজেই সেই বিভেদপন্থী ও সুবিধাবাদী চর্চাকে জায়গা দেওয়া হচ্ছে, যা জাতির ঐক্য ও সংগ্রামকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, বিজাতীয় শাসন-শোষণের বিরুদ্ধে ভিন্ন ভাষাভাষী ১৪টি জাতিকে ঐক্যবদ্ধ করার পথ দেখিয়ে এমএন লারমা নিজের জীবন উৎসর্গ করেছেন। অথচ তাঁর আদর্শ মুখে ধারণ করলেও বাস্তবে আমরা বিভক্ত ও পরস্পরের প্রতি সন্দিহান। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ছাড়া জুম্ম জাতির অস্তিত্ব রক্ষা সম্ভব নয় জেনেও আমাদের দোদুল্যমানতা ও ব্যর্থতা সংগ্রামকে পিছিয়ে দিচ্ছে।

তিনি আরও বলেন, বিভেদপন্থা ও সুবিধাবাদিতাকে রাজনৈতিক ও সামাজিকভাবে পরিহার করে জুম্ম জাতীয় ঐক্য সুদৃঢ় করতে হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন এবং জুম্ম জাতির আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করাই এখন সময়ের দাবি।
শিশির চাকমা বলেন, আমি বারবার বলে এসেছি যে মানবেন্দ্র নারায়ণ লারমা ইতিহাস পাঠ আমাদের জন্য খুবই জরুরি। এই পার্বত্য চট্টগ্রামের বিশেষ করে পঞ্চাশের দশককে এবং এই চল্লিশের দশকে জন্ম নেওয়া এই মানুষটি এই পার্বত্য অঞ্চলের জন্য যে কত গুরুত্বপূর্ণ ছিল এখানকার আপামর মানুষ সেটা বুঝতে পারেনি। এবং তার মৃত্যুর দীর্ঘ সময় কেটে গেল। এখনো তার জীবনাচরণ এবং তার যে ভূমিকা এই পার্বত্য অঞ্চলের জন্য তার যে অবদান, তার যে ত্যাগ, তার যে তিতিক্ষা, এটা এখনো আমরা বুঝতে পারিনি। অনেকেই মনে করেন যে তিনি একটা দলের নেতামাত্র। এবং এই পার্বত্য অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন। তাদের নেতা কর্মীরাও মনে করেন যে লারমা একটি বিশেষ দলের প্রতিনিধিত্ব করেন। কিন্তু সেটা সঠিক নয়।

তিনি বলেন, আমরা যেন সম্পূর্ণ উল্টো পথে হাঁটছি। জাতি হিসেবে আজ আমরা দিশাহীন। আমাদের রাজনীতি, ধর্মীয় চেতনা ও মূল্যবোধের প্রতি আত্মবিশ্বাস ক্রমেই নষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে ঘটে চলা নানা ঘটনা নিয়ে তথাকথিত সুশীল সমাজের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তাঁদের প্রতি প্রশ্ন রেখে বলেন, এসব ঘটনা কি তাঁরা অনুধাবন ও বিশ্লেষণ করছেন? একজন নাগরিক হিসেবে তাঁদের কি কোনো দায়বদ্ধতা ও আত্মসম্মানবোধ নেই? আমাদের মধ্যে অনৈক্য, অপসংস্কৃতি ও নৈতিক অবক্ষয়ের চর্চা যেভাবে বাড়ছে, তাতে জাতি হিসেবে আমাদের স্বাধীন চিন্তা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য নিয়েও প্রশ্ন দেখা দিচ্ছে। তিনি আরও বলেন, আমরা কী চাই, কোথায় যেতে চাই, হারিয়ে যাওয়া পথ কীভাবে খুঁজে পাব এবং সেই দায়িত্ব কে নেবে, এসব নিয়ে এখনই ভাবতে হবে। হতাশা থেকেই তিনি এসব প্রশ্ন তুলছেন। তবে মানবেন্দ্র নারায়ণ লারমার জীবন ও আদর্শের দিকে তাকালে সেই হতাশার ভার কিছুটা কমে আসে। কারণ, লারমা তাঁর জীবন ও সংগ্রামের মধ্য দিয়ে যে পথ দেখিয়ে গেছেন, আমরা যদি তাঁকে অনুসরণ করতে পারি এবং তাঁর আদর্শ যথাযথভাবে ধারণ করতে পারি, তাহলে আমাদের হারিয়ে যাওয়া পথ খুঁজে পাওয়া অনেক সহজ হবে।

রিনা চাকমা বলেন, আজকের দিনটি জুম্ম জাতির জাতীয় শোক দিবস, একই সঙ্গে নতুন অঙ্গীকারে উজ্জীবিত হওয়ার দিন। এই দিনে জুম্ম জাতির অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমাকে হত্যা করা হয়েছিল। পার্বত্য চট্টগ্রামের ইতিহাস সংগ্রাম, ত্যাগ ও আত্মবলিদানের ইতিহাস। ইতিহাস ও ঐতিহ্য ধারণ করেই একটি জাতি টিকে থাকে। তিনি আরো বলেন, আশির দশক থেকে অদ্যাবধি পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন অব্যাহত রয়েছে। অন্যদিকে উগ্র মৌলবাদীদের মাধ্যমে জুম্ম জনগণকে ধর্মান্তরিত করার অপচেষ্টা চলছে। তরুণ সমাজের একটি অংশ মাদকাসক্ত হয়ে পড়ায় তারা জাতির ইতিহাস, আন্দোলন ও সংগ্রাম সম্পর্কে সচেতনতা হারাচ্ছে। এ পরিস্থিতিতে পুরুষের পাশাপাশি নারীদেরও আরও সক্রিয়ভাবে আন্দোলন-সংগ্রামে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, দীর্ঘ দুই দশকের অধিক সশস্ত্র সংগ্রামের পর ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও এর মৌলিক ধারাগুলো এখনো অবাস্তবায়িত রয়ে গেছে। অতীতের কোনো সরকারই চুক্তি বাস্তবায়নে যথাযথ উদ্যোগ নেয়নি। বরং বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর চুক্তি বাতিলের নানা ষড়যন্ত্র করছে। এ অবস্থায় জুম্ম জাতির আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

পরিশেষে, স্মরন সভার সভাপতি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য গুনেন্দু বিকাশ চাকমার বক্তব্যের মধ্যে দিয়ে ১০ই নভেম্বর পালনের আনুষ্ঠানিকতা শেষ হয়।

Back to top button