রাবিতে মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩ তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস পালন

আইপিনিউজ বিডি, ১০ নভেম্বর ২০২৬, রাজশাহীঃ পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর শাখার উদ্যোগে আজ ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ডীনস্ কমপ্লেক্স ভবনের কনফারেন্স কক্ষে আলোচনা সভা ও বুদ্ধিজীবী চত্বরে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোকলোর এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী ছাত্র পরিষদ রাবি শাখার সভাপতি বিথী আক্কা, শিক্ষার্থী বিজয় চাকমা, বিভা চাকমা এবং সভাপতিত্ব করেন পিসিপি রাজশাহী মহানগর শাখার সভাপতি সুমন চাকমা।
আলোচনা সভায় সঞ্চালনা করেন পাহাড়ী ছাত্র পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ময়ন্ত তঞ্চঙ্গ্যা এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সাংগঠনিক সম্পাদক প্রাচুর্য্য চাকমা।
বিজয় চাকমা তার বক্তব্যে এমএন লারমার চিন্তা, দর্শন এবং অবদানসমূহ নিয়ে আলোচনা করেন। এমএন লারমার জুম্ম জাতীয়তাবাদ তত্ত্ব নিয়ে আলোচনা করেন যিনি পার্বত্য চট্টগ্রামের সামন্তীয় প্রথাকে ভেঙে নতুন চেতনার উন্মেষ ঘটিয়েছিলেন। তিনি শুধু পার্বত্য জনগণের নেতা নন, তিনি সমগ্র শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের স্পন্দন বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমার অবদানগুলো সামনে রেখে আমাদের আত্মসমালোচনায় আসা উচিত। তিনি আরো বলেন, এমএন লারমাকে লালন করতে হলে নির্দিষ্ট কোনো জাতির বা রাজনৈতিক দলের হতে হবে সেটা মোটেও যৌক্তিক নয়। আমাদের সংকীর্ণতা পরিহার করে, ব্যক্তি আত্মকেন্দ্রিকতাকে পরিহার বৃহৎস্বার্থে কাজ করতে হবে। এমএন লারমা তখনকার সময়ে একমাত্র ব্যক্তি যিনি জুম্ম জাতীয়তাবাদের মাধ্যমে তিনি পার্বত্য চট্টগ্রামের ১১ অধিক জাতিগোষ্ঠীদের এক পতাকাতলে সমবেত করতে সক্ষম হন।
শিক্ষার্থী বিভা চাকমা বলেন, এমএন লারমার সাথে পরিচয় করিয়েছিলেন আমার বাবা। আমার বাবা আমাকে লাইব্রেরিতে নিয়ে যেতেন এবং বই পড়তে বলতেন। একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমাদের শেকড়, ইতিহাস, অধিকার সম্পর্কিত বইপত্র পড়া উচিত। এতে আমাদের ব্যক্তিকেন্দ্রিক চিন্তাধারাকে সংকীর্ণ করে ফেলে বৃহৎ স্বার্থকে প্রাধান্য দেয়। জাতি হিসেবে আমাদের কতটা পিছিয়ে রাখা হয়েছে সেটা অধ্যয়ন করলে জানতে পারবেন। যদি এমএন লারমা না থাকতেন তবে হইতো আজ আমি আমার মাতৃভাষাতেই কথা বলার সুযোগ পেতাম না, এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। নিজ ভাষা, সংস্কৃতি চর্চা করার সুযোগ হারিয়ে ফেলতাম। কোটা আমাদের যৌক্তিক একটি অধিকার আমাদের সেটা জানতে হবে, বুঝতে হবে।
ফোকলোর এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক আমিরুল ইসলাম কনক বলেন, এমএন লারমা ছিলেন বলে আজ পার্বত্য জনগণ রাজনীতি সচেতন এবং অধিকার সচেতন হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম এলাকার যে জাতিসমূহ রয়েছে, তারা প্রত্যেকেই স্বতন্ত্র পরিচয়, মর্যাদা বহন করে। ঐ এলাকার ঐতিহাসিক প্রেক্ষাপটের আলোকে তারা ঐ এলাকার আদি বাসিন্দা। মূল জনস্রোতের বাহিরে এসব জাতিসমূহ গড়ে ওঠে। তাদের প্রথাগত আইন, পরম্পরাগত জীবনযাপন, ভূমিব্যবস্থা, সবই ভিন্ন।
যেকোনো উন্নয়নে তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব কারণ এখানে সরকারের দায়িত্বই সবচেয়ে বেশি। সকল নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। খুবই স্পর্শকাতর বিষয় হলো- যখন তাদের উপর বলপ্রয়োগ করা হয় তখন পরিস্থিতি আরো খারাপের দিকে যায়।
তিনি পাহাড়-সমতলের আদিবাসীদের আর্থিক সমস্যার কথা তুলে ধরেন এবং এর সমাধান প্রয়োজন সরকারের সহযোগিতাপূর্ণ মনোভাব। তিনি পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে চিকিৎসাব্যবস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার কথা তুলে ধরেন। বাংলার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে মাতৃভাষা চর্চাকে আরো জোরদার করার জন্য বলেন। মুঘল, ব্রিটিশ, পাকিস্তান আমলে আমরা শাসনব্যবস্থা দেখেছি তারা পার্বত্য চট্টগ্রামের সমস্যার রাজনৈতিক সমাধানে এগিয়ে আসেনি। পার্বত্য সমস্যা রাজনৈতিক তাই সমস্যা চিহ্নিত করে এর রাজনৈতিক সমাধানে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র কর্তৃক একটা জাতিকে “উপজাতি” হিসেবে আখ্যা দিলে তাকে জাতি হিসেবে স্বতন্ত্র মর্যাদা দেয়া হয় না বরং অপমান করা হয়। তাছাড়াও তিনি সাওতাল বিদ্রোহের ঘটনা তুলে ধরেন। এমএন লারমাকেও তিনি সেই সমতুল্য এক নেতা বলে মনে করেন।
বিশেষ অতিথি আদিবাসী ছাত্র পরিষদ রাবি শাখার সভাপতি বিথী আক্কা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এটি নিঃসন্দেহে ভালো একটি উদ্যোগ। এর মাধ্যমে আমরা পাহাড়ের নেতা এমএন লারমা সম্পর্কে জানতে পারছি। তিনি সাওতাল বিদ্রোহের কথা বলতে গিয়ে সিধু, কানুকে স্মরণ করে বলেন, তারা না থাকলে হয়তো আমরা আজ এই পর্যন্ত আসতে পারতাম না বা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আমাদের ইতিহাস সম্পর্কে সচেতন হতে হবে। তাই জানতে হলে আমাদের অবশ্যই বই পড়তে হবে।
পিসিপি রাজশাহী মহানগর শাখার সভাপতি সুমন চাকমা বলেন, ১৯৮৩ সালের এই দিনে প্রতিক্রিয়াশীল, বিভেদপন্থীদের হাতে এমএন লারমা নির্মমভাবে হত্যার শিকার হন। তারা বিভক্ত করতে চায়, যারা একতাকে ভয় পায়। যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারি ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি রাখতে হবে। এসব বিভেদপন্থীরা আমাদের মাঝেই আছে তারা প্রতিনিয়ত বিভক্তির রাজনীতি করে যাচ্ছে।
আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, একটি বিশেষ গোষ্ঠী এমএন লারমাকে মানতে চায় না। এখান থেকেই বুঝতে আর বাকি থাকে না কারা, কাদের বীজ এমএন লারমাকে শেষ করতে লিপ্ত ছিল। তিনি না থাকলে আমরা হয়তো আজ “বাঙালি” বলে নিজেদের পরিচয় দিতাম। লারমার আদর্শ সকলের মাঝে ছড়িয়ে দিতে আমরা প্রতিবছর এই দিনটি পালন করি। কিন্তু এমএন লারমাকে শুধুমাত্র একটি দিনের মধ্যে সীমাবদ্ধ করে রাখলে চলবে না। ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্মাক্ষরের পরে বিভেদপন্থীরা দল তৈরি করে বিশাল সম্ভাবনাকে সমস্যায় রুপান্তর করে আন্দোলনে ফাটল ধরিয়ে দেয়।
সাজেক অবরোধকে কেন্দ্র করে বলতে গেলে তিনি বলেন, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। জনগণকে ক্ষতি করে অপরাজনীতি করে কোনো উদ্দেশ্য হাসিল হবে না। তারা এসব কর্মকান্ড করে নানা অপকর্মকাণ্ডের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সেনাশাসনের বৈধতা দিচ্ছে। এমএন লারমা তা কখনোই চাননি, তাই তিনি “ক্ষমা করো, ভুলে যাও” নীতি প্রবর্তন করেন। এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সৃষ্টি হোক সেটা তিনি কখনোই চাননি। তাদের ক্ষমা করতে গিয়ে আজকের এই দিনে এমএন লারমা প্রাণ হারান। তিনি আরো বলেন, পুঁজিবাদী চিন্তাধারা, সংকীর্ণ জাতীয়বাদ, ব্যক্তিকেন্দ্রিক চিন্তাধারাকে আমাদের পরিহার করে এগিয়ে এসে একসাথে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে বুদ্ধিজীবী চত্বরে এমএন লারমার স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করে আজকের আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন সভাটি সফলভাবে শেষ হয়।


