জাতীয়বিশেষ প্রতিবেদন

পুলিশ, ড্রোন ও রাজনৈতিক নেতাকর্মীদের পাহারায় দুর্গাপূজা আয়োজন দুঃখ ও দুর্ভাগ্যজনকঃ ঐক্য পরিষদ

আইপিনিউজ বিডি, ১৫ অক্টোবর ২০২৬, ডেস্ক রিপোর্টঃ পুলিশ, ড্রোন ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের কঠোর পাহারায় সারা দেশে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা আয়োজনকে ‘দুঃখজনক ও দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটি বলেছে, এ পরিস্থিতিতে সংখ্যালঘু পূজার্থীদের ধর্মীয় স্বাধীনতা সংকুচিত হচ্ছে এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি গুরুতরভাবে প্রশ্নের মুখে পড়ছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে পরিষদ জানায়, পূজার দিন যত ঘনিয়ে আসছে, সাম্প্রদায়িক দুর্বৃত্তদের তৎপরতাও তত বাড়ছে। গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের আংশিক চিত্র তুলে ধরে সংগঠনটি জানায়, এ সময়ে সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার অন্তত ১৪১টি ঘটনা ঘটেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এ সময়ে হত্যার ঘটনা ঘটেছে ১৬টি, ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা চারটি, মন্দিরে হামলা ও লুটপাট, জায়গা দখল এবং প্রতিমা ভাঙচুরের ঘটনা ৩৬টি। এ ছাড়া কথিত ধর্ম অবমাননার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে এবং আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে সাতটি।
একই সময়ে বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও ভাঙচুরের ১১টি, হামলা, ছিনতাই, ডাকাতি ও মারধরের ২৬টি, জমি ও সম্পত্তি দখলের ১৪টি, অপহরণ, হত্যার হুমকি ও হয়রানির তিনটি এবং চাঁদাবাজির চারটি ঘটনা ঘটেছে। অন্যান্য ঘটনা রয়েছে ১৪টি।

বিবৃতিতে আরও বলা হয়, গত ১২ অক্টোবর রাত আনুমানিক ৮টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্থাপিত মন্দিরের ইট ব্যবহার করে মন্দিরের সামনে গরুর মাংসের খিচুড়ি রান্নার মাধ্যমে একটি দুষ্টচক্র সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করেছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য প্রচার অব্যাহত রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এসব প্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও দাবি করেছে পরিষদ।

সংগঠনটির অভিযোগ, এসব ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনায় দুর্বৃত্তরা আরও উৎসাহিত হচ্ছে এবং সাম্প্রদায়িক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
বিবৃতিতে এ পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করার জন্য আহবান জানানো হয়।

Back to top button