শিল্প ও সংস্কৃতি

বান্দরবানে গিরিসুর শিল্পী গোষ্ঠীর জেলা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আইপিনিউজ বিডি, ১০ অক্টোবর ২০২৬, বান্দরবানঃ বান্দরবানে প্রথমবারের মত “গিরিসুর শিল্পী গোষ্ঠী”র জেলা কমিটি গঠন করা হয়েছে। এই উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠান এবং আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টায় বান্দরবান জেলা সদরের বালাঘাটা এলাকায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে গিরিসুর শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পরপরই শুরু হয় আলোচনা সভা।

সংস্কৃতি কর্মী ক্যহি মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা কমিটির সভাপতি সুমন মারমা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিরিসুর শিল্পী গোষ্ঠীর সহসভাপতি বাচ্চু চাকমা।

প্রধান অতিথি সুমন মারমা বলেন, আমরা এমন সময়ে বান্দরবানে গিরিসুর শিল্পী গোষ্ঠীর কমিটি গঠন করতে চলেছি যেসময়ে প্রগতিশীল সংস্কৃতির চর্চার চেয়ে প্রতিক্রিয়াশীল সংস্কৃতি চর্চার চিত্র বেশি দেখা যায়। এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা যে দীর্ঘ ৫৫ বছরের ইতিহাসে বান্দরবানে গিরিসুর শিল্পী গোষ্ঠী গঠন করতে পেরেছি এবং প্রগিতশীল সংস্কৃতি চর্চার পরিবেশ জোরদার হবে এই প্রত্যাশায়।

তিনি আরও বলেন, বর্তমান সমাজে যেসকল সংস্কৃতির চর্চা লক্ষণীয় সেসব শাসকগোষ্ঠীর পাতানো ফাঁদ। শুধুমাত্র উপলক্ষ আসলেই সংস্কৃতি চর্চার হিড়িক পড়ে যায়। প্রকৃত অর্থে কেউই সংস্কৃতির মূল চর্চায় নেই। জুম্ম জনগণের অস্তিত্ব এবং সংস্কৃতির মাধ্যমে জীবনধারা উন্নয়নের জন্য প্রগতিশীল সংস্কৃতি চর্চার আবশ্যকতা রয়েছে এবং তা এই গিরিসুর শিল্পী গোষ্ঠীর মাধ্যমে সম্ভব।

বিশেষ অতিথির বক্তৃতায় বাচ্চু চাকমা বলেন, আমরা বহু সময় ধরে চেষ্টা করে আসছি বান্দরবানে কমিটি গঠন করার। কিন্তু বাস্তবতা ও পরিস্থিতির কারণে তা সম্ভব হয়ে উঠেনি। গিরিসুর শুধুমাত্র সঙ্গীতের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের সমগ্র জীবনধারা নিয়ে কাজ করার সংগঠন। তিনি আরও বলেন, বান্দরবান এবং রাঙ্গামাটির মধ্যে মেলবন্ধন তৈরি হবে এ কমিটির কার্যক্রমের মধ্য দিয়ে। পরিশেষে তিনি সংগঠনের কাজে সকল জাতিগোষ্ঠীর প্রতিনিধি অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানান।

অনুষ্ঠানে এক পর্যায়ে ক্যহি মারমাকে সভাপতি, অংসিং মারমাকে সাধারণ সম্পাদক এবং হ্লামে মারমাকে সাংগঠনিক সম্পাদক করে গিরিসুর শিল্পী গোষ্ঠীর বান্দরবান জেলা শাখার ১৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

Back to top button