চার রাষ্ট্রীয় মূলনীতি বহাল রেখে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রধর্ম করার সুপারিশ ঐক্য পরিষদের

আইপিনিউজ বিডি, ১৫ অক্টোবর ২০২৬, ঢাকাঃ বাংলাদেশের সংবিধানে চার রাষ্ট্রীয় মূলনীতি বহাল রাখার পাশাপাশি রাষ্ট্রধর্ম ইসলাম-এর সঙ্গে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। একই সঙ্গে জাতীয় সংসদসহ রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে জনসংখ্যার আনুপাতিক হারে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় সংবিধান সংশোধন সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে ই-মেইলে পাঠানো এক সুপারিশনামায় এসব প্রস্তাব তুলে ধরে ঐক্য পরিষদ।
সুপারিশনামায় যৌথভাবে স্বাক্ষর করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতিত্রয় অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।
স্মারকলিপিতে বলা হয়, সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটি বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় শুরু করলেও ঐক্য পরিষদ এখন পর্যন্ত এ ধরনের আলোচনায় অংশ নেওয়ার কোনো আমন্ত্রণ পায়নি। এ পরিপ্রেক্ষিতে গত ৮ অক্টোবর সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় সংবিধান সংশোধন বিষয়ে সুপারিশ গ্রহণ করা হয়।
ঐক্য পরিষদের সুপারিশে আইনের শাসন, মৌলিক মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানে বর্ণিত চার রাষ্ট্রীয় মূলনীতি অপরিবর্তিত রাখার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মদিনা সনদ ও হুদাইবিয়া সন্ধির আলোকে বিদ্যমান সংবিধান থেকে ধর্মীয় ও জাতিগত বৈষম্য দূর করার উদ্যোগ নেওয়ার প্রস্তাব করেছে সংগঠনটি। প্রয়োজনে সংবিধানের ২(ক) অনুচ্ছেদে বর্ণিত রাষ্ট্রধর্ম ইসলামের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মকে অন্তর্ভুক্ত করার সুপারিশও করেছে তারা।
সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভায় গৃহীত আরেকটি প্রস্তাবে বাংলাদেশ জাতীয় সংসদ, জাতীয় নির্বাচন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, সরকারি কর্মকমিশনসহ রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি জনসংখ্যার আনুপাতিক হারে জাতীয় সংসদে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার, সমতা এবং প্রতিনিধিত্বের বিষয়গুলো বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।


