আঞ্চলিক সংবাদ

খাগড়াছড়িতে রামগড়ে পাহাড়িদের ওপর সেটেলার বাঙালিদের হামলা: আহত ৬, মালামাল ও টাকা লুটের অভিযোগ

আইপিনিউজ বিডি, ২২ জুলাই, ২০২৬, খাগড়াছড়িঃ খাগড়াছড়ির রামগড় উপজেলায় বাজারে যাওয়ার পথে স্থানীয় পাহাড়ি বাসিন্দাদের ওপর হামলা, মারধর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এতে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

আজ বুধবার (২২ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে রামগড় উপজেলার সোনাই আগা নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন স্নেহকুমার চাকমা (৪০), রবি শান্তি চাকমা (৩৮), লক্ষীকুমার চাকমা (৪৫), বিন্দু চাকমা (৪১), সোনাদেবী চাকমা (৩৭) ও গুরিমিলা চাকমা (৩৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাঙ্গেল পাড়া থেকে উৎপাদিত কৃষিপণ্য বিক্রির জন্য মো. দিদার নামের এক চালকের টমটমে করে রামগড় বাজারে যাচ্ছিলেন তারা। পথে সোনাই আগা এলাকায় পৌঁছালে স্থানীয় মো. ইউনুস (আবুল কালাম) ও অবৈধ চাঁদা তোলার অভিযোগ থাকা সেটেলার বাঙালি মো. ইউসুবের নেতৃত্বে সাতজনের একটি দল তাদের গতিরোধ করে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা স্নেহকুমার চাকমার কাছ থেকে একটি মোবাইল ফোন, ৩টি সিম এবং অন্য একজনের কাছ থেকে ঋণ নেওয়া নগদ ৪ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া বাজারে বিক্রির জন্য নেওয়া ৩২টি কলার ছড়া ও প্রায় দুই মণ কাঁচা সবজিও লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
হামলায় গুরুতর আহত স্নেহকুমার চাকমা অর্থাভাবের কারণে হাসপাতালে চিকিৎসা নিতে পারেননি। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।

Back to top button