রাঙ্গামাটি জেলার সাজেক ইউনিয়নে বিজিবির ডাম্পার গাড়ির ধাক্কায় সুমন্তী চাকমা নামে এক গর্ভবতী শিক্ষিকা নিহত

আইপিনিউজ বিডি, ১৮ জুলাই, রাঙ্গামাটিঃ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বিজিবির ডাম্পার গাড়ির ধাক্কায় সুমন্তী চাকমা (৩০) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক গর্ভবতী শিক্ষিকা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ভুক্তভোগী সুমন্তী চাকমার স্বামী স্বপন চাকমা (৩২), বাড়ি সাজেকের ডাব আদাম গ্রামে। তিনি ডাব আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
আজ ১৮ জুলাই ২০২৬, শনিবার সকাল আনুমানিক ১১:৩০ টার দিকে সাজেক ইউনিয়নের মাচালং ১৪ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সুমন্তী চাকমা তাঁর গ্রামের স্থানীয় সিএনজি চালক হরেন্দ্র ত্রিপুরার সঙ্গে সন্তান প্রসবের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের উদ্দেশে যাচ্ছিলেন।
পথিমধ্যে নন্দারাম ও এগোজ্যাছড়ি গ্রামের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বিজিবির ডাম্পার গাড়ি তাঁদের বহনকারী সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই সুমন্তী চাকমার মৃত্যু হয় বলে জানা গেছে।
এ ঘটনায় সিএনজি চালক হরেন্দ্র ত্রিপুরাও গুরুতর আহত হয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিজিবির ডাম্পার গাড়িটির পেছনে বিজিবির আরও দুটি জিপ গাড়ি ছিল। ধারণা করা হচ্ছে, ওই জিপগুলোতে বিজিবির ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা ছিলেন। সন্দেহ করা হচ্ছে, পেছনে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে গিয়ে ডাম্পার গাড়িটি অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল।


