জাতীয়বিশেষ প্রতিবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক বম শিক্ষার্থীকে মারধর, সাম্প্রদায়িক মন্তব্যের অভিযোগ

আইপিনিউজ বিডি, ১৯ আগস্ট, ২০২৬, রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সংস্কৃত বিভাগের শিক্ষার্থী লেবানন বম নিজ মেসে হামলার শিকার হয়েছেন। আজ বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ৯:০০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি আবাসিক মেসে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে প্রথমে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মেসের বাসিন্দা হাসান তার ওপর হামলা চালান। পরে আশপাশের লোকজনকে ডেকে এনে দ্বিতীয় দফায় হাসানের স্ত্রীসহ কয়েকজন তার ওপর চড়াও হন। এ সময় লেবাননকে কিল-ঘুষি এবং ইট দিয়ে আঘাত করা হয়। এতে তার মুখ, গলা ও পিঠে আঘাত লাগে বলে জানা গেছে।

লেবাননের অভিযোগ, হামলার সময় তাকে ‘পাহাড়ী’, ‘অসভ্য’, ‘তোরা পাহাড় থেকে আসছিস’সহ বিভিন্ন সাম্প্রদায়িক ও জাতিগত বিদ্বেষমূলক মন্তব্য করা হয়। একপর্যায়ে হামলাকারী হাসানের স্ত্রী বটি খুঁজছিলেন এবং তাকে জবাই করে ফেলার হুমকিও দেন বলে অভিযোগ করেছেন লেবানন। ঘটনার সময় লেবাননের সঙ্গে একই কক্ষে ছিলেন একই বর্ষের শিক্ষার্থী ওসল চাকমা। তিনি বিষয়টি সিনিয়র শিক্ষার্থী সুমন চাকমাকে জানান। পরে সুমন চাকমা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হন।

এদিকে ঘটনার পর অভিযুক্ত হাসান মেস ছেড়ে চলে যান। পরে শিক্ষার্থীদের অনুরোধে পুলিশ তাকে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসে। সেখানে উপস্থিত শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত হাসানের মধ্যে ঘটনার জন্য কোনো অনুশোচনা দেখা যায়নি; বরং তিনি উগ্র আচরণ করেছেন। পরে লেবাননের বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে তার বক্তব্য নেওয়ার পর পুলিশ অভিযুক্ত হাসানকে চন্দ্রিমা থানায় নিয়ে যায়।

অভিযুক্ত হাসান নিজেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী বলে জানা গেছে। একই বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীর মধ্যে এমন ঘটনায় সাম্প্রদায়িক মন্তব্য ও জাতিগত পরিচয়কে আক্রমণের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পরে লেবাননের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীরা চন্দ্রিমা থানায় যান। সেখানে তার নিরাপত্তার জন্য একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং হামলার ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, মামলা না করার জন্য অভিযুক্ত পক্ষ থেকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত ভুক্তভোগী লেবানন বম মামলা দায়ের করেছেন। শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Back to top button