জাতীয়বিশেষ প্রতিবেদন

এম এন লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা

আইপিনিউজ বিডি, ২৩ আগস্ট, ২০২৬, রাঙ্গামাটিঃ জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত ও মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছে এম. এন. লারমা ৮৭তম জন্মবার্ষিকী উদযাপন কমিটি-২০২৬।

প্রতিযোগিতায় অষ্টম থেকে দশম শ্রেণি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণি এবং অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। প্রতিটি বিভাগে আলাদা বিষয় নির্ধারণ করা হয়েছে।

অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রবন্ধের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জুম্ম জাতির জীবন ও জীবিকা’। এ বিভাগে প্রবন্ধের শব্দসীমা সর্বনিম্ন ৮০০ শব্দ। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিষয় ‘জুম্ম জাতীয়তাবাদ ও এম. এন. লারমা’। এ বিভাগে অংশগ্রহণকারীদের ন্যূনতম ১ হাজার শব্দের প্রবন্ধ লিখতে হবে। অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রবন্ধের বিষয় ‘মানবেন্দ্র নারায়ণ লারমার জীবন ও দর্শন’। এ বিভাগে ন্যূনতম ১ হাজার ৫০০ শব্দের প্রবন্ধ জমা দিতে হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবন্ধ আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে। প্রবন্ধের সঙ্গে প্রতিযোগীর নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণি/বর্ষ, মোবাইল নম্বর ও ঠিকানা উল্লেখ করতে হবে।

প্রবন্ধ ই-মেইলের মাধ্যমে [email protected] ঠিকানায় অথবা ডাকযোগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কার্যালয়, কল্যাণপুর, রাঙামাটি ঠিকানায় পাঠানো যাবে। এছাড়া প্রয়োজনীয় তথ্যের জন্য ০১৬০২০১৫৫৫৩ ও ০১৮১০২৭০১১৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

আয়োজকরা জানান, জুম্ম জনগণের জাতীয় চেতনা, জীবন-জীবিকা, অধিকার ও সাংস্কৃতিক পরিচয় সম্পর্কে তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ সৃষ্টি এবং মানবেন্দ্র নারায়ণ লারমার জীবন, দর্শন ও রাজনৈতিক চিন্তাধারা সম্পর্কে শিক্ষার্থীদের জানার সুযোগ করে দেওয়াই এ প্রবন্ধ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য।

উল্লেখ্য, মানবেন্দ্র নারায়ণ লারমা পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের অধিকার ও স্বায়ত্তশাসনের আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

Back to top button